ডিএসইর সভাপতিকে কারণ দর্শানোর নির্দেশ এসইসির
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমানের ওপর ক্ষুব্ধ হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।মূলত একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনকে কেন্দ্র করে এসইসির এই ক্ষোভ। এ জন্য ডিএসইর সভাপতির কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর চিঠি দিয়েছে এসইসি। গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে এই চিঠি ফ্যাক্সযোগে ডিএসইতে পাঠানো হয়। কমিশনের পক্ষে সংস্থাটির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এই চিঠি পাঠান।চিঠিতে জানতে চাওয়া হয়েছে, কমিশন সভায় অনুমোদিত বিষয় ডিএসইর পর্ষদ সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করে কেন আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে ডিএসইর সভাপতিকে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর ধারা ৬(৩) অনুসারে ব্যাখ্যা দিতে বলেছে এসইসি।চিঠিতে বলা হয়েছে, ওরিয়ন ফার্মার আইপিও অনুমোদনের পর ওই কোম্পানির প্রসপেক্টাসের ওপর কমিশনের কাছে ডিএসই থেকে ১৩ নভেম্বর একটি লিখিত মতামত পাঠানো হয়। এসইসি বলছে, ‘কমিশনের অনুমোদনের পর কোনো বিষয়ে মতামত প্রদানের কোনো কর্তৃত্ব এবং কার্যকারিতা নেই। উপরন্তু, উক্ত মতামত কমিশনের নিকট প্রেরণের পূর্বেই বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত।’ওই আইপিওর প্রসপেক্টাস পর্যালোচনার জন্য পাঁচ মাস সময় ছিল উল্লেখ করে এসইসি আরও বলেছে যে এই সময় যথেষ্ট। তাই আইপিও প্রস্তাব অনুমোদনের আগে কোনো মতামত না দিয়ে অনুমোদন হওয়ার পর এ ধরনের মতামত প্রদান ও সংবাদমাধ্যমে তা প্রকাশ করাকে সহজভাবে গ্রহণ করতে পারেনি এসইসি।জানা গেছে, সাম্প্রতিক সময়ে ডিএসইর পরিচালনা পর্ষদের একটি অংশ এসইসিতে রকিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ করে।এ ছাড়া সম্প্রতি রকিবুর রহমান শেয়ারবাজারের একজন প্রভাবশালী বিনিয়োগকারীকে নিয়ে ডিএসইর অত্যন্ত স্পর্শকাতর সার্ভিল্যান্স কক্ষে অনধিকার প্রবেশ করেছেন বলেও এসইসির কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ডিএসইর একটি অংশ এ অভিযোগ করেছেন বলে জানা গেছে। বর্তমানে ডিএসইর সার্ভিল্যান্স সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ারবাজার তদারকি করা হয়। বাজারসংক্রান্ত গুরুত্বপূর্ণ ও গোপন বিভিন্ন বিষয় জানতে নিয়ন্ত্রক সংস্থাও ডিএসইর সার্ভিল্যান্স থেকে তথ্য সংগ্রহ করে থাকে। কারণ, এখনো পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব কোনো বাজার তদারকি ব্যবস্থা নেই। এ জন্য ডিএসইর সার্ভিল্যান্স কক্ষকে অত্যন্ত স্পর্শকাতর জায়গা হিসেবে বিবেচনা করা হয়। ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য সবার প্রবেশাধিকার সংরক্ষিত। এমনকি ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যদেরও সার্ভিল্যান্স কক্ষে প্রবেশের বিষয়ে বিধিনিষেধ রয়েছে।