ডিএসইর সম্পদের অবস্থা জানতে চেয়েছে বিএসইসি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সম্পদ-সম্পত্তির হালনাগাদ অবস্থা জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত সপ্তাহে এই চিঠি দেওয়া হয়েছে। ৩ সেপ্টেম্বরের মধ্যে ডিএসইকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএসইসির চিঠিতে বেশ কয়েকটি বিষয়ে ডিএসইর কাছ থেকে জানতে চাওয়া হয়। তার মধ্যে একটি বিষয় ছিল ডিএসইর সম্পত্তিগুলো কী অবস্থায় রয়েছে, সম্পদগুলো কীভাবে ব্যবহূত হচ্ছে, কোনো সম্পদ কাউকে বরাদ্দ দেওয়া হয়েছে কি না ইত্যাদি। সেখানে ডিএসইর নিকুঞ্জ ভবনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার প্রথম আলোতে প্রকাশিত ‘ডিএসইর ভবন ভাগ-বাঁটোয়ারা’ শীর্ষক খবরের পর বিএসইসির উদ্যোগ সম্পর্কে জানতে গিয়ে এই তথ্য পাওয়া গেছে। বিএসইসি-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএসইসি সূত্র জানিয়েছে, ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া চলমান অবস্থায় ডিএসইর সম্পদ এভাবে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এমনকি বিএসইসি সম্পদ ক্রয়, বিক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেটি অনুযায়ীও ভবনের পজেশন বা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।
বাজার পরিস্থিতি: সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকার বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৪০ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫৭টিরই দাম কমেছে, বেড়েছে ১১৩টির আর অপরিবর্তিত ছিল ২৪টির। এদিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।