ডিএসইর সাধারণ সূচক ৪৫০০ পয়েন্ট ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন অর্থবছরের (২০১৩-১৪) প্রথম লেনদেন দিবসে দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক চার হাজার ৫০০ পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা ছাড়িয়ে গেছে। গতকাল মঙ্গলবার এক দিনেই ডিএসইর সাধারণ সূচক প্রায় পৌনে ৩ শতাংশ বা ১২০ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক পৌনে ৩ শতাংশ বা ৩৪৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। সূচকের পাশাপাশি অর্থবছরের প্রথম লেনদেন দিবসে ঢাকায় লেনদেনেও বেশ গতি ছিল। ঢাকার বাজারে দিনের শেষে লেনদেন ছাড়িয়েছে ৭৫০ কোটি টাকা। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে ডিএসইর সাধারণ সূচক সাড়ে চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার কাছাকাছি ঘুরপাক খাচ্ছিল। কারিগরি বিশ্লেষণ যাঁরা করেন, তাঁদের মতে এটি ছিল একটি প্রতিবন্ধকতা। গতকাল সূচক সেই প্রতিবন্ধকতা অতিক্রম করেছে। এর ফলে ধারণা করা যায়, বাজারের এই ইতিবাচক গতি কিছুদিন অব্যাহত থাকতে পারে। সূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ২০ মিনিটে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৯২ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচক আর নিম্নমুখী হয়নি। যদিও মাঝে সূচক বৃদ্ধির গতি কিছুটা মন্থর হয়েছে। এদিকে কসমোপলিটন ফিন্যান্সের প্রতিদিনের বাজার প্রতিবেদন অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে লেনদেনের বেশির ভাগই দখল করে নিয়েছে বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানিগুলো। লেনদেনের এক-চতুর্থাংশ ছিল এ খাতের। এ ক্ষেত্রে এগিয়ে ছিল তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো। বিদ্যুৎ-জ্বালানি খাতের ১৫ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৯৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৫ শতাংশ।লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। এ খাতের মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০৩ কোটি টাকা, যা মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ। একক কোম্পানি হিসেবে লেনদেনে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম। এদিন কোম্পানিটির প্রায় ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ঢাকার বাজারের মোট লেনদেনের ৬ শতাংশ।ঢাকার বাজারে ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৫৬টিরই দাম বেড়েছে, কমেছে ২১টির। প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১২০ পয়েন্ট বা প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২২৪ পয়েন্টে। দিনের শেষে সাধারণ সূচকের অবস্থান দাঁড়ায় চার হাজার ৫০৫ পয়েন্টে। গতকাল ডিএসইতে প্রায় ৭৬৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৯৫ কোটি টাকা বেশি।সিএসইতে ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬টির দাম বেড়েছে, কমেছে ১৯টির।দিনের শেষে সার্বিক সূচক বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ৫৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম।