ডিএসইর সিইও পদে স্বপন কুমার বালাকে অনুমোদন বিএসইসির
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার বালার নিয়োগ অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।কমিশনের নিয়মিত সভায় গতকাল বুধবার এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বপন কুমার বালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক।এর আগে গত ২৪ মার্চ ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় সিইও পদে একক প্রার্থী হিসেবে স্বপন কুমার বালাকে মনোনীত করা হয়। পরে তা বিএসইসির অনুমোদনের জন্য পাঠানো হয়। বিএসইসির অনুমোদনের ফলে এখন এই নিয়োগ চূড়ান্ত করবে ডিএসই। ফলে ডিএসইর নতুন সিইও হিসেবে আনুষ্ঠানিকভাবে শিগগিরই দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে সিইওর পদ থেকে পদত্যাগ করেন মোশাররফ এম হোসাইন। এর পর থেকে সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী সিইওর চলতি দায়িত্ব পালন করে আসছেন।