ডিএসইর সূচক আবারও চার হাজার পয়েন্টের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দরপতন চলছে দেশের শেয়ারবাজারে। এর ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল বুধবার চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে গেছে।এদিন লেনদেনের শুরুতেই সূচকের পতন ঠেকানোর চেষ্টা দেখা যায়। এ কারণে শুরুতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানিরই শেয়ারের দাম বাড়ে। এতে প্রথম ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত এ প্রচেষ্টা সফল হয়নি। দিন শেষে যথারীতি সূচক কমেছে এবং সেটি মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে গেছে।অব্যাহত দরপতনের কারণে কয়েক দিন থেকেই বিনিয়োগকারীদের মধ্যে গুঞ্জন চলছিল সূচক আবারও চার হাজার পয়েন্টের নিচে নেমে আসবে। গতকাল দিন শেষে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়। এ নিয়ে ডিএসইতে টানা আট দিন দরপতন ঘটেছে। এই সময়ে সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় পৌনে ৪০০ পয়েন্ট।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই মুহূর্তে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর বড় বড় বিনিয়োগকারীরাও অনেকটা নিষ্ক্রিয় রয়েছেন। এর ফলে বাজারে শেয়ারের ক্রেতা-সংকট দেখা দিয়েছে। এই সংকট অব্যাহত থাকায় দরপতনও থামছে না।যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘এই সময়ে বাজারের দরপতনের যৌক্তিক কোনো কারণ নেই। এমন কোনো ঘটনা ঘটেনি, যার কারণে কিছুদিন আগের ১১০০ কোটি টাকার লেনদেন ২০০ কোটি টাকার নিচে নেমে আসবে।’মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘বাজারের লেনদেনের চিত্র বলছে, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর প্রভাবশালী বিনিয়োগকারীদের অংশগ্রহণ তেমন একটা নেই। হতে পারে, প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য নেই, অথবা সামর্থ্য থাকার পরও তারা বিনিয়োগ করছে না।’এই অর্থনীতিবিদের মতে, পুঁজিবাজারের লেনদেনে স্বচ্ছতা আনতে সম্প্রতি সরকার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব খোলার ক্ষেত্রে ‘আপনার গ্রাহককে জানুন’ বা কেওয়াইসি ফরম পূরণ বাধ্যতামূলক করার কথাও রয়েছে। আবার সাধারণ গ্রাহক পর্যায়ের অমনিবাস হিসাবের বিপরীতে পৃথক বিও হিসাব খোলার নির্দেশনা দিয়েছে এসইসি। এসব সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ হয়ে একটি অংশ হয়তো চাপ তৈরি করতে পরিকল্পিতভাবে বাজারে দরপতন ঘটিয়ে থাকতে পারে।জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘বাজারে আবারও আস্থার সংকট বড় হয়ে দেখা দিয়েছে। এ সংকট কাটাতে হলে সবারই সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।’ঢাকার বাজারে মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু দিন শেষে সূচক প্রায় ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯৯২ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত ছিল ৩১টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৪ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০২টিরই দাম কমেছে, বেড়েছে ৫৯টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা বেশি।