ডিএসইর সূচক আবারও ৫৫০০ পয়েন্ট ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আবারও সাড়ে পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। চলতি বছরের মধ্যে এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ২২ নভেম্বর ঢাকার বাজারের সাধারণ সূচক সাড়ে পাঁচ হাজার পয়েন্টের বেশি ছিল।এদিকে মূল্য সংশোধনের পরদিনই গতকাল দেশের দুই শেয়ারবাজারে সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫০২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ২২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৮৬ পয়েন্টে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ধীরে ধীরে বাজার তার নিজস্ব গতি ফিরে পাচ্ছে। যার প্রভাব সূচক ও লেনদেনের ওপর পড়ছে। মাঝেমধ্যে স্বাভাবিক ধারাতেই বাজারে কিছুটা মূল্য সংশোধন ঘটছে। কয়েকদিন টানা দর বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নিচ্ছে। আবার সেই মুনাফার একটি অংশ বিনিয়োগ করছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান অবস্থায় বাজারের ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেশ জোরদার মনে হচ্ছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন স্থগিত হওয়ার ফলে সোমবার বিনিয়োগকারীদের মনে বাজার নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়। যা গতকালও কিছুসংখ্যক বিনিয়োগকারীর মধ্যে লক্ষ করা গেছে। আইডিএলসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল বাজারের ঊর্ধ্বগতির পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল যথাক্রমে ব্যাংকবহির্ভূত আর্থিক খাত, ব্যাংক ও জীবন বিমা খাতের কোম্পানিগুলোর। আর্থিক খাতের কোম্পানিগুলোর দর বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল উত্তরা ফিন্যান্সের। কোম্পানিটি ২০১১ সালের সাধারণ শেয়ারধারীদের জন্য ৪০ শতাংশ বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। সোমবার বিকেলে কোম্পানির পরিচালনা পর্ষদের সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। এ কারণে গতকাল উত্তরা ফিন্যান্সের শেয়ারের দামের ওপর কোনো ধরনের সীমা নির্ধারণ করা ছিল না। ফলে দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর আগের দিনের চেয়ে ১৩ টাকা ৮০ পয়সা বেড়ে হয়েছে ১৭৪ টাকা ৬০ পয়সা। ডিএসইতে মঙ্গলবার দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকার ছয়টিই ছিল আর্থিক খাতের কোম্পানি। দিন শেষে গতকাল ঢাকার বাজারে ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এদিন ডিএসইতে এক হাজার ১৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১০৭ কোটি টাকা কম। অন্যদিকে সিএসইতে গতকাল ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে চট্টগ্রামের বাজারে প্রায় ৮৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা কম।