ডিএসইর সূচক এক মাসে যা বেড়েছে, তিন দিনেই তা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

হঠাৎ দরপতনে আবারও আতঙ্ক দেশের শেয়ারবাজারে। গত বৃহস্পতিবার ও রোববারের বড় দরপতনের রেশ ছিল গতকাল সোমবারও। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। তবে গতকালের এই দরপতন আগের দুই দিনের মতো ততটা বড় ছিল না। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৩৫ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় চার হাজার ৫৫ পয়েন্টে। পুরোনো সাধারণ সূচক ৪৭ পয়েন্ট বা এক শতাংশ কমে নেমে এসেছে চার হাজার ৩৫৯ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এক শতাংশ বা ১৩৩ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় ১২ হাজার ৬১৮ পয়েন্টে। ঢাকার বাজারে লেনদেন ৫০০ কোটি আর চট্টগ্রামের বাজারে ৪০ কোটি টাকার নিচে নেমে এসেছে। এদিকে টানা তিন দিনের দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা গতকাল রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনে দুই দফায় বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা সরকার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিরুদ্ধে নানা স্লোগান দেন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত তিন দিনের টানা দরপতনে ঢাকার বাজারের সাধারণ সূচক প্রায় ৪০০ পয়েন্ট কমে গেছে। ডিএসইএক্স কমেছে প্রায় ২৩০ পয়েন্ট। অথচ সাধারণ সূচক ও ডিএসইএক্স সমপরিমাণ বাড়তে সময় নিয়েছিল প্রায় এক মাস। সেই হিসাবে বলা যায়, এক মাসে সূচক যা বেড়েছিল মাত্র তিন দিনেই তা কমে গেছে। সূচকের এই উত্থান-পতনে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে একদল বিনিয়োগকারী। সূচক তথা কিছু শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টি যেমন ঘটেছে নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে, ঠিক তেমনভাবে হঠাৎ দ্রুত দরপতনও ঘটছে। কিন্তু অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও হঠাৎ দরপতনে নিয়ন্ত্রক সংস্থার কোনো পদক্ষেপই চোখে পড়েনি।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কিছু কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সময়ে যদি নিয়ন্ত্রক সংস্থা যথাযথ ব্যবস্থা নিত, তাহলে তিন দিনে বিরাট পতনের ঘটনাটি ঘটত না।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, বাজারের সাম্প্রতিক উত্থানে একদল বিনিয়োগকারী কিছু কিছু শেয়ারে ভালো মুনাফা করেছেন। কিন্তু হঠাৎ বড় দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আবারও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। শেয়ারের দামের চেয়ে সূচক দেখেই বিনিয়োগকারীরা বেশি আতঙ্কিত বোধ করছেন। এটা কাম্য নয়।
মার্চেন্ট ব্যাংক কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার যে কয়টি কোম্পানি সূচকে বড় নেতিবাচক প্রভাব ফেলেছে তার শীর্ষে ছিল যথাক্রমে তিতাস গ্যাস, গ্রামীণফোন, আইসিবি, পাওয়ার গ্রিড, পদ্মা অয়েল।
ঢাকার বাজারে সোমবার প্রায় ৪৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৩৪ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন প্রায় ৩৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।