ডিএসইর সূচক বেড়েছে, কমে গেছে লেনদেন
আগের দিনের বড় দরপতনের পর গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৭ পয়েন্টে। যদিও লেনদেনের শেষ ভাগে সূচকের বেশ ওঠানামা ছিল চোখে পড়ার মতো। এদিকে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস বা গুচ্ছ হিসাব পৃথক বিওতে স্থানান্তরের সময় গতকাল শেষ হয়েছে। যেসব অমনিবাস হিসাবে গ্রাহক নিজেই লেনদেন করেন (নন-ডিসক্রিশনারি), সেসব হিসাবই কেবল পৃথক বিওতে স্থানান্তরিত হচ্ছে। আর যেসব অমনিবাস হিসাবে গ্রাহকের হয়ে মার্চেন্ট ব্যাংক নিজেরা লেনদেন করে (ডিসক্রিশনারি), সেসব হিসাব আপাতত বন্ধ হচ্ছে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব নন-ডিসক্রিশনারি হিসাব পৃথক বিওতে স্থানান্তরিত হয়েছে কি না, এ বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য জানা যায়নি। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যুদ্ধাপরাধের বিচারের রায় নিয়ে দেশে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতা ও গ্রাহক পরিচালিত অমনিবাস হিসাব আলাদা বিওতে স্থানান্তরের বিষয়টি গতকাল লেনদেনের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে এদিন ডিএসইর লেনদেন নেমে এসেছে ২১৪ কোটি টাকায়। তবে এটিকে সাময়িক প্রভাব বলেই মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, এদিন ডিএসইর লেনদেনের বড় অংশজুড়েই ছিল বস্ত্র খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৬ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ। এদিকে একক কোম্পানি হিসেবে ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বিএটিবিসি। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৮ কোটি টাকার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের ১৩ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার বাজারে ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৫টিরই দাম বেড়েছে, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১১০ কোটি টাকা কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪১১ পয়েন্টে। সিএসইতে এদিন ১৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৭৪টির দাম কমেছে, বেড়েছে ৭০টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি টাকায়।