ডিএসইর স্বতন্ত্র পরিচালকের নাম অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী নতুন পরিচালনা পর্ষদে স্বাধীন পরিচালক মনোনয়নের জন্য ১৪ জনের নাম অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
আজ সোমবার সন্ধ্যায় ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
পর্ষদ সভা শেষে রাতে ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম জানান, ‘ডিএসইর পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মনোনয়নের জন্য ১৪ জনের নাম পর্ষদ সভায় অনুমোদন দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিএসইসিতে অনুমোদন দেওয়া ব্যক্তিদের নাম জমা দেওয়া হবে।’ তবে তাঁদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন তিনি।
ডিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী ডিএসইর পরিচালনা পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। যার সাতজন হবেন স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে। বাকি ছয়জনের মধ্যে চারজন ট্রেক হোল্ডারের মধ্য থেকে নির্বাচিত হয়ে আসবেন। এ ছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালক হিসেবে থাকবেন।
ডিএসই সূত্রে আরও জানা যায়, ১৩ ফেব্রুয়ারি ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর আগেই এই ১৪ জনের মধ্য থেকে সাতজন পরিচালক মনোনয়ন দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই সাতজনের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচন করা হবে।