ডিও প্রথা বিলুপ্তির আদেশ জারি করেছে সরকার
চিনি ও ভোজ্যতেল বিপণনের ক্ষেত্রে চালান আদেশ প্রথা (ডেলিভারি অর্ডার বা ডিও) আর রইল না। পরিবর্তে এ দুই পণ্যে পরিবেশক পদ্ধতি চালু করা হয়েছে। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে ‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১’ জারি করেছে। এতে বলা হয়েছে, আপাতত ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে প্রযোজ্য হলেও পরবর্তী সময়ে অন্য পণ্যের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হতে পারে। আদেশ জারির দিন থেকে ৯০ দিনের মধ্যে পরিবেশক নিয়োগ সম্পন্ন করার কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে পণ্য বিপণনের উদ্দেশ্যে প্রচলিত ডিও প্রথা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। সিটি করপোরেশনের ক্ষেত্রে প্রতিটি থানা ও উপজেলায় এক বা একাধিক পরিবেশক নিয়োগ করা যাবে। পণ্য যৌক্তিক মূল্যে ভোক্তাসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে বিপণনের কেন্দ্রবিন্দু হিসেবে উপজেলা বা থানাগুলো কাজ করবে। পরিবেশক কর্তৃক পণ্য উত্তোলনের জন্য এখন ‘ফরম-ঘ’ অনুসারে সরবরাহ আদেশ (সাপ্লাই অর্ডার বা এসও) পদ্ধতি চালু থাকবে, যা কোনো অবস্থাতেই হস্তান্তরযোগ্য হবে না। এসওর মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন হবে, যা কোনো অবস্থাতেই বাড়ানো হবে না। বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ এসওর বিপরীতে কোনো পণ্য সরবরাহ করা যাবে না। পণ্যের পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তরল পণ্য পরিমাপের ক্ষেত্রে লিটার ছাড়া অন্য কোনো একক গ্রহণযোগ্য হবে না।পণ্যের মোড়কে পরিমাণ, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমঅরপি) সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে দেশে প্রচলিত অন্য আইনের বিধানাবলি প্রযোজ্য হবে।আদেশে বলা হয়েছে, এ পদ্ধতির যাবতীয় কার্যক্রম তদারক করতে বাণিজ্যসচিবের নেতৃত্বে জাতীয় কমিটি, জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা তদারক কমিটি থাকবে। জাতীয় কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন বাণিজ্যমন্ত্রী, জেলা কমিটির উপদেষ্টা স্থানীয় সাংসদ এবং উপজেলা তদারক কমিটির উপদেষ্টা থাকবেন উপজেলা চেয়ারম্যানরা। কমিটি প্রয়োজনে কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। উৎপাদক, পরিশোধক বা আমদানিকারক কর্তৃক কোনো পণ্যের সর্বোচ্চ মিলগেট মূল্য, বিতরণ মূল্য ও খুচরা বিক্রয় মূল্য ন্যায়সংগতভাবে নির্ধারণ করতে এবং অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। জাতীয় কমিটি উৎপাদক, পরিশোধক বা আমদানিকারক ও ব্যবসায়ী সমিতির সহযোগিতায় সময়, প্রতিটি পণ্যের জন্য মূল্য নির্ধারণ পদ্ধতি স্থির করে দেবে। কোনো অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য যৌক্তিকভাবে হ্রাস, বৃদ্ধি বা পুনর্নির্ধারণ করতে হলে সংশ্লিষ্ট পণ্যের ব্যবসায়ী সমিতির মাধ্যমে উক্তরূপে হ্রাস, বৃদ্ধি বা পুনর্নির্ধারণ করে তা কার্যকর হওয়ার ১৫ দিন আগে তদারক সেল, ডিসি এবং ইউএনওকে জানাতে হবে।