ডিজনি আবার ফিরতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ওয়াল্ট ডিজনি কোম্পানি তৈরি পোশাক কিনতে আবার বাংলাদেশে ফিরতে পারে। এমন তথ্য জানিয়েছেন হংকংভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান লি অ্যান্ড ফাংয়ের একজন শীর্ষ কর্মকর্তা।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর ২০১৩ সালের মার্চ থেকে ডিজনি বাংলাদেশ থেকে পোশাক নেওয়া বন্ধ করে। যদিও এই তথ্য রানা প্লাজা ধসের পর মে মাসে ডিজনি কর্তৃপক্ষ প্রকাশ করে। ডিজনির ঠিকাদারেরা ১ শতাংশ পণ্য বাংলাদেশের বিভিন্ন কারখানা থেকে উৎপাদন করতেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘গত সপ্তাহে লি অ্যান্ড ফাংয়ের একজন প্রেসিডেন্ট বাংলাদেশে আসেন। যাঁরা এই ক্রেতা প্রতিষ্ঠানের কাজ করেন সেসব ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন তিনি। তখন লি অ্যান্ড ফাংয়ের প্রেসিডেন্ট ডিজনি পোশাক কিনতে বাংলাদেশে আসতে পারে বলে জানান।’

ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান। জানতে চাইলে তিনি বলেন, ‘লি অ্যান্ড ফাংয়ের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশ পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে অনেক কাজ করেছে। সেটি অব্যাহত রাখলে ডিজনি আবার ফিরতে পারে।’

মাহমুদ হাসান খান বলেন, ‘বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে আবার কোনো ব্র্যান্ড ফিরছে—এটি আমাদের জন্য খুবই ইতিবাচক।
অন্য যেসব ব্র্যান্ড চলে গিয়েছিল, আশা করি তারাও ফিরবে।’ তিনি জানান, বাংলাদেশ থেকে ডিজনি বছরে প্রায় ১০ কোটি ডলারের পোশাক কিনত।