ডিজাইন কনটেস্টের আয়োজন করছে পেপার স্টুডিও

দ্বিতীয় কনকোয়ারার করপোরেট আইডেনটিটি ডিজাইন কনটেস্ট-২০১৫ আয়োজন করেছে পেপার স্টুডিও। প্রতিযোগিতার প্রতিপাদ্য হলো ‘শাশ্বত বাংলা, বাংলা চিরদিনের এবং উন্মুক্ত চিন্তা’।
এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থী এবং পেশাদার শিল্পী উভয়ের মেধা ও প্রতিভা প্রদর্শনের উপযুক্ত ক্ষেত্র খুঁজে পাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ মে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পেপার স্টুডিও-এর কার্যালয় প্রাঙ্গণে করপোরেট আইডেনটিটি ডিজাইনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে গ্রাফিকস ডিজাইনার, পেশাদার শিল্পী ও ডিজাইন প্রশিক্ষণার্থী গ্রুপ দুটি ভিন্ন সেশনে অংশ নেন। কীভাবে করপোরেট আইডেনটিটি ডিজাইনের কাজ গুণগত মান বজায় রেখে যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করা যায়, সে সম্পর্কে ধারণা দেওয়াই ছিল সেমিনারের বিষয়বস্তু। সেমিনারেই এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। শুধু পেশাদারদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার বিস্তারিত পেপার স্টুডিওর ওয়েবসাইট www.paperstudio-bd.com এ পাওয়া যাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ৫ থেকে ২৪ মে, বিকেল পাঁচটা পর্যন্ত নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রতিযোগিতার বিজয়ীরা তিনটি স্বর্ণপদক, দুটি রৌপ্যপদক ও উদ্বুদ্ধকরণ পুরস্কার পাবেন।