ডিজিএমদের জ্যেষ্ঠতার তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচটি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপকদের (ডিজিএম) সমন্বিত জ্যেষ্ঠতার তালিকা তৈরি করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সোমবার ৫৪ জন ডিজিএমের এ তালিকা তৈরি করে। তাঁরা শেষ কবে পদোন্নতি পেয়েছিলেন এবং কত দিন ধরে একই পদে আছেন তালিকায় তাও দেখানো হয়েছে।
তালিকায় নাম থাকা ডিজিএমদের মধ্যে ২৬ জনই বাংলাদেশ কৃষি ব্যাংকের। বাকিদের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ২১ জন, কর্মসংস্থান ব্যাংকের চারজন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুজন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের একজন রয়েছেন।
তবে পদোন্নতি ছাড়া বেশি সময় ধরে ডিজিএম পদে রয়েছেন কৃষি ব্যাংকে—১০ জন ৭ থেকে সাড়ে ১২ বছর ধরে একই পদে। রাকাবের ডিজিএমদের মধ্যে ১৪ জন ৫ বছর ধরে একই পদে রয়েছেন।
তালিকায় যেসব ডিজিএমের নাম আছে তাঁদের মধ্যে ৯ জন এ বছরের ডিসেম্বরের মধ্যে অবসরে যাবেন বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তালিকায় উল্লেখ করা হয়েছে।