ডিজিটাল উইনার্স এশিয়ায় দুই বাংলাদেশি স্টার্টআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের টেলিনর গ্রুপ আয়োজিত ডিজিটাল উইনার্স এশিয়া (ডিডব্লিউএ) প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে স্টার্টআপ বা নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান সেবা এক্সওয়াইজেড ও ক্র্যামস্ট্যাক। গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, অ্যাকসেলারেটর প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ১২টি স্টার্টআপের উপস্থাপনা শুনে, বুঝে, পর্যবেক্ষণ করে ডিডব্লিউএ প্রতিযোগিতার জন্য সেরা দুটি দল নির্বাচন করা হয়েছে। মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো টেলিনর।

এশিয়ার যেসব দেশে টেলিনরের ব্যবসা আছে, সেখানকার স্টার্টআপদের নিয়ে এই আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি স্টার্টআপ সেবা ও ক্র্যামস্ট্যাককে এখন আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও থাইল্যান্ডের স্টার্টআপদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। স্থানীয় স্টার্টআপ প্রতিষ্ঠানকে আঞ্চলিক পর্যায়ে ব্যবসা প্রসারে সহায়তা করাই ডিডব্লিউএ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ লাখ নরওয়েজিয়ান ক্রোনার বা ১০ লাখ টাকা দেওয়া হবে।

সেবা এক্সওয়াইজেড দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকে। ক্র্যামস্ট্যাক বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত অনলাইনে সংরক্ষণ করে। এখান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী তথ্য নিতে পারে।