ডিজিটাল এনবিআর কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড
ডিজিটালের আওতার বাইরে থেকে যাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি বড় অংশের কাজের আধুনিকায়নের জন্য ‘ডিজিটাল এনবিআর’ শিরোনামে একটি প্রায়োগিক ই-গভর্নেন্স উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে প্রযুক্তিকে সংস্কার কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করেছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সবকিছু নতুন করে সাজাতে বিভিন্ন কর্মপদ্ধতি স্থির করেছে। এর একটি হচ্ছে ‘এনবিআর করদাতা নিবন্ধন কর্মসূচি’। এর আওতায় করদাতারা ‘করদাতা পরিচিতি সংখ্যা’ (টিআইএন) হিসেবে পরিচিত একটি বিশেষ সংখ্যা দিয়ে এনবিআরে নিবন্ধিত হন। টিআইএন ডেটাবেইসের বর্তমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এনবিআর পুরোনো টিআইএন পদ্ধতি বাতিল করে একটি আধুনিক ও দক্ষ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। টিআইএন অটোমেশন বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘এটি একটি দৃঢ় পদক্ষেপ। করদাতাদের সুবিধা বাড়ানোর পাশাপাশি কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে এর ভূমিকা অনস্বীকার্য।’ এনবিআর অগ্রাধিকার হিসেবে একটি ব্যবস্থাপনা কার্যক্রম মডেলের আওতায় নতুন টিআইএন সূচনা কার্যক্রম দেশব্যাপী পরিচালনার পদক্ষেপ নিয়েছে। মডেলের অধীনে টিআইএন নিবন্ধন কার্যক্রম একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। এতে সংস্থাটির সীমিত মানবসম্পদ কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর একটি ব্যাপকভিত্তিক ও সমন্বিত কর্মসূচি এগিয়ে নেওয়া যাবে। এনবিআরের কৌশলগত লক্ষ্য হলো, একটি ব্যাপক অটোমেশন কর্মসূচির মাধ্যমে দেশে করের আওতা বাড়ানো। বর্তমানে দেশে কর-জিডিপির অনুপাত ৯ শতাংশে আটকে রয়েছে। সরকারের প্রতিশ্রুতিমতো এটি বাড়িয়ে ১১ শতাংশে উন্নীত করতে কাজ করছে এনবিআর। বিজ্ঞপ্তি।