ভূমিসংক্রান্ত সব রেকর্ড এখন ডিজিটাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করা হবে। এতে ভূমির পরিমাণ, মালিকের নামসহ সব তথ্য সংরক্ষিত থাকবে। এর ফলে সহজেই ভূমি মন্ত্রণালয় জমির মালিককে সেবা দিতে পারবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রকল্প অনুমোদন করা হয়।
ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ (প্রথম পর্যায়: বিদ্যমান মৌজা ম্যাপস অ্যান্ড খতিয়ানসমূহের কম্পিউটারাইজেশন) শীর্ষক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯২ কোটি ৭৮ লাখ টাকা। ভূমি মন্ত্রণালয় প্রকল্পটি ২০১৬ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় দেশের ৫৫টি জেলার রেকর্ড রুমে রক্ষিত চার কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৪০৪টি খতিয়ান (সিএস, এসএ এবং আরএস) আইসিটি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংরক্ষণ করা হবে।
গতকালের একনেকে পুরোপুরি সরকারি অর্থায়নে ২৭০ কোটি ৬১ লাখ টাকার মোট তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অপর প্রকল্প দুটি হলো ১২৩ কোটি ৪৮ লাখ টাকা সাইনবোর্ড-মোড়েলগঞ্জ-রায়েন্দা-শরণখোলা-বগী সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প এবং ৫৪ কোটি ৩৫ লাখ টাকার ৪০ ফুট দৈর্ঘ্যবিশিষ্ট এয়ার ব্রিদিং ও গ্যাস ফায়ার্ড ফায়ার ফাইটিং ট্রেনিং গ্যালারি এবং ঘাটতি ফায়ার ফাইটিং রেসকিউ সরঞ্জাম সংগ্রহ প্রকল্প।
এ ছাড়া একনেক সভায় স্বাস্থ্য খাতের অগ্রগতি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদনও উপস্থাপন করা হয়। অন্যদিকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সামষ্টিক অর্থনীতির বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত একটি উপস্থাপনা দেন।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।