ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ সেবা চালু করল বাংলালিংক
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ‘ডিজিটাল কাস্টমার ডেটা কালেকশন সিস্টেম’ শীর্ষক নতুন একটি সেবা চালু করেছে।ওয়েস্টিন ঢাকা হোটেলে গতকাল বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে মোবাইল ফোনের সিম রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করতে বা বদলাতে কিংবা নতুন সংযোগ কিনতে চাইলে গ্রাহকদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শর্ত অনুযায়ী মোবাইল ফোন অপারেটরের টাচ পয়েন্ট বা সেবাকেন্দ্রগুলোতে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও ছবি নিয়ে আসতে হয়। কিন্তু কখনো কখনো এলাকায় বিদ্যুৎ না থাকায় কিংবা বিদ্যুৎ থাকলেও ফটোকপি করার সুবিধা না থাকাসহ বিভিন্ন কারণে গ্রাহকেরা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা ছবি আনতে পারেন না। এ পরিস্থিতি বিবেচনা করেই বাংলালিংক গ্রাহকদের সুবিধার্থে নতুন সেবাটি চালু করেছে।আহমেদ আবু দোমা বলেন, ‘নতুন সেবাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকদের সহজ ও সাবলীল উপায়ে সিম প্রতিস্থাপন বা বদলানোর মতো কাজগুলো অবাধে সম্পন্ন করে দেওয়া যায়। যেটি সম্পন্ন করতে গ্রাহকের তেমন কোনো দায়িত্ব থাকবে না। যা যা করার দরকার, সবকিছুই করবেন আমাদের অনুমোদিত এজেন্টরা।’ বিজ্ঞপ্তি।