ডিজিটাল বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ব্যাংকের শাখাগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। দৈনন্দিন লেনদেনে দেওয়া ভিন্ন ব্যাংকের চেক স্বয়ংক্রিয় পদ্ধতির নিকাশ ঘরে নিষ্পত্তি হচ্ছে দিনের মধ্যেই। অনলাইনে তাৎক্ষণিকভাবে মিলছে ঋণ তথ্য মান প্রতিবেদন।তথ্যপ্রযুক্তি ব্যবহারে এমন আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব সাফল্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করার কথা থাকলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি আসতে পারেননি। তাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা। অনুষ্ঠানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারের সচিব, ব্যবসায়ী, ব্যাংক উদ্যোক্তা, দেশি-বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অর্থমন্ত্রী ইলেকট্রনিক সুইচে চাপ দিয়ে উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তিনি বদলে যাওয়া বাংলাদেশ ব্যাংক অগ্রগতির চার বছর বইটি, স্মারক মুদ্রা ও নোটস, শিল্পকলা ও টাকা জাদুঘরের শিলান্যাস করেন।