সুইডিশ ফ্যাশন প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম গ্রুপ জাতিসংঘের ‘বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স’ শীর্ষক কার্যক্রমে প্রথম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছে। সে অনুযায়ী প্রতিষ্ঠানটি শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যাংক হিসাব, মোবাইল মানি অথবা ডিজিটাল কার্ডের মাধ্যমে মজুরি প্রদান এবং কারখানা ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে পোশাক সরবরাহকারীদের উৎসাহিত করবে। এইচঅ্যান্ডএম গ্রুপ গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির সোশ্যাল সাসটেইনেবিলিটি ম্যানেজার গুস্তাভ লোভেন বলেন, ‘ডিজিটাল মাধ্যমে মজুরি পরিশোধের ফলে শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়বে এবং সরবরাহকারীরাও শ্রমিকের মজুরি সম্পর্কে একদম নির্ভুল তথ্য পাবে। ‘বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স’ হচ্ছে জাতিসংঘের সঙ্গে বিভিন্ন সরকার, কোম্পানি ও আন্তর্জাতিক উন্নয়ন–সহযোগীদের একটি অংশীদারত্বমূলক সংস্থা। এইচঅ্যান্ডএমের সাপ্লাই চেইন ব্যবস্থায় নিযুক্ত ১৬ লাখ শ্রমিকের ৬৫ শতাংশই নারী। বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক গুডউইন গ্রোয়েন বলেন, এইচঅ্যান্ডএম গ্রুপের এ পদক্ষেপ উদীয়মান অর্থনীতির দেশসমূহের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে সহায়তা করবে। বিজ্ঞপ্তি