
নিজেদের বদলে ফেলছে গ্রামীণফোন। কেবল মুঠোফোন প্রতিষ্ঠান নয়, ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে প্রতিষ্ঠানটি। কল ও ডেটা সেবার পাশাপাশি থাকবে স্বাস্থ্য, বিমা, শিক্ষা ও আর্থিক সেবা।
গত বুধবার নরওয়ের অসলোতে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে। গত মঙ্গলবার অসলোতে শুরু²হয়েছে টেলিনর ইয়ুথ ফোরাম। টেলিনরের সেবা রয়েছে এমন ১৩টি দেশের ২৫ জন তরুণ মুঠোফোন ব্যবহার করে ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিত করতে নিজ নিজ ধারণা (আইডিয়া) নিয়ে অসলোতে এসেছেন। ইয়ুথ ফোরামের একটি অধিবেশনের পরেই কথা হয় সিগভের সঙ্গে।
সিগভে বলেন, ‘১৯৯৭ সাল থেকে টেলিনর বাংলাদেশে কাজ করছে এবং সে দেশের মানুষের যোগাযোগের চাহিদা আমাদের বিস্মিত করেছে। সেখানে এখন টেলিনরের সাড়ে পাঁচ কোটি গ্রাহক রয়েছেন। টেলিনর গ্রুপের ব্যবসায় গ্রামীণফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর টেলিনর আজকের এই অবস্থায় এসেছে, কারণ টেলিনর সব ধরনের মানুষের কথা ভেবেছে। প্রতিটি দেশের মানুষ ভিন্নভাবে চিন্তা করে। আমাদেরও স্থানীয়দের মতো করে চিন্তা করতে হয়েছে। এখন শুধু মুঠোফোনে কথা বলা নয়, সবাই ইন্টারনেট ব্যবহার করছেন। তাই আমরা টেলিফোন কোম্পানি থেকে ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছি।’
টেলিনর সিইও আরও বলেন, গ্রাহকেরাও আরও বেশি করে ডিজিটাল সেবাগুলো ব্যবহার করছেন। থাইল্যান্ডে গ্রাহকেরা দিনে ছয় ঘণ্টারও বেশি ফোন ব্যবহার করেন। কিন্তু মুঠোফোন ব্যবহার করে সরাসরি কোনো কথা বলছেন না। তাঁরা ইন্টারনেটের বিভিন্ন অ্যাপলিকেশন ব্যবহার করে কথা বলছেন। মুঠোফোন কেনা থেকে শুরু করে গ্রাহকেরা ইন্টারনেটের মাধ্যমেই মুঠোফোনের সব সেবা নিচ্ছেন। এমনকি কলসেন্টারের প্রয়োজনও ফুরিয়ে আসছে।
তাই এখন আরও ভালো নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে সিগভে ব্রেক্কে বলেন, বাংলাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রতিবছর ডেটা ব্যবহারের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। পরিসংখ্যান বলছে, আগামী কয়েক বছর এই দ্বিগুণ হওয়ার প্রবণতা থামবে না। এক বছর আগে আপনি যে ডেটা ব্যবহার করতেন, এখনকার চেয়ে দ্বিগুণ করছেন। এখন মুঠোফোনের ডেটা ব্যবহার করে ভিডিও দেখছেন গ্রাহকেরা। তিনি বলেন, ইন্টারনেট সেবার পাশাপাশি বিভিন্ন অ্যাপলিকেশনের দিকেও যাচ্ছে টেলিনর। এর মধ্যে গ্রাহকদের আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে। এর পাশাপাশি মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে সরাসরি স্বাস্থ্যসেবা দেওয়ার প্রক্রিয়া চলছে। খুব অল্প পয়সায় গ্রাহকেরা চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এ ছাড়া গ্রাহকদের বিমার আওতায় আনা হচ্ছে। এতে গ্রামীণফোনের কোনো গ্রাহক সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে বিমার টাকা পাবেন। শিক্ষা সেবা এবং কৃষি সেবা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
সিগভে ব্রেক্কে আরও বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে বারবার বলেছি, বাংলাদেশকে ডিজিটাল করতে হলে মোবাইল নেটওয়ার্ক অনিবার্য। তথ্য সরবরাহের জন্য সারা দেশে মাটি খুঁড়ে ফাইবার অপটিক লাইন স্থাপন করা অনেক কঠিন। তাই সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চেয়েছি। এ জন্য আমাদের নেটওয়ার্ক উন্নত করার অনুমোদন প্রয়োজন। আমরা সরকারকে বলেছি, সামনে আরও (তরঙ্গ) নিলাম আসছে। নিলামের নীতিমালা আগে থেকে ঠিকঠাক করে নিলে সরকারও লাভবান হবে। ঢাকা এবং বড় শহরগুলোর বাইরে থ্রিজি ভালো কাজ করে না। মানুষের কথা বলার ভালো নেটওয়ার্কের পাশাপাশি সারা দেশেই থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারিত করা এবং ফোরজি নেটওয়ার্ক স্থাপনের কাজ করবে গ্রামীণফোন।’