
মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেল একীভূত (মার্জার) হওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে আরেক অপারেটর বাংলালিংকের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিম্পেলকম। প্রতিষ্ঠানটি মনে করে, প্রতিযোগিতার মাধ্যমেই বাংলাদেশের বাজারে টিকে থাকবে বাংলালিংক। এ জন্য মুঠোফোনভিত্তিক ডিজিটাল সেবায় সবচেয়ে বেশি বিনিয়োগ ও গুরুত্ব দিচ্ছে ভিম্পেলকম তথা বাংলালিংক। প্রথম আলোকে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে এমন মনোভাবই ব্যক্ত করেছেন ভিম্পেলকমের চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা অগি ফাবেলা।
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে চালু হওয়া আইটি ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে সম্প্রতি ঢাকা সফরে আসেন অগি ফাবেলা ও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হাওলিন ঝাও। সাক্ষাৎকারে ডিজিটাল বাংলাদেশ, অবকাঠামো, বিনিয়োগ, টেলিযোগাযোগ ও আইসিটি–বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই দুই আন্তর্জাতিক টেলিযোগাযোগ বিশেষজ্ঞ।
রবি-এয়ারটেল একীভূত হলে বাংলাদেশের বাজারে তৃতীয় স্থানে চলে যাবে বাংলালিংক। এ প্রসঙ্গে ভিম্পেলকমের অন্যতম প্রতিষ্ঠাতা অগি ফাবেলা বলেন, ‘আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি। নিজেদের সাধ্য অনুযায়ী প্রতিযোগিতা করে আমরা আবার আগের অবস্থানে আসতে চেষ্টা করব। মানসম্পন্ন ডিজিটাল সেবা এ জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃত ডিজিটাল সেবা পেতে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালু করাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’
বেসরকারি খাতের বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভিম্পেলকমের ভূমিকা সম্পর্কে অগি ফাবেলা বলেন, ‘ভিম্পেলকমের সারা বিশ্বে ২২ কোটির বেশি গ্রাহক আছে। বাংলাদেশের তরুণ প্রযুক্তি উদ্যোক্তারা আইসিটি ইনকিউবেটর থেকে যদি বিশ্বমানের কোনো সেবা বা পণ্য উদ্ভাবন করতে পারেন, তাহলে আমাদের ব্যবসা আছে এমন ১৮টি দেশের গ্রাহকদের কাছে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ইনকিউবেটরের মতো এমন উদ্যোগ তাই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়ক হবে, একই সঙ্গে তা ভিম্পেলকমের জন্যও লাভজনক হবে। আইটি ইনকিউবেটর স্থাপনসহ এখানে জায়গা বরাদ্দ পাওয়া ১০টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে আর্থিক ও কারিগরি বিভিন্ন সহায়তা দিচ্ছে ভিম্পেলকম।’
আইটিইউর মহাসচিব হিসেবে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন হাওলিন ঝাও। আগের দুবারের তুলনায় এবারের সফরের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে হাওলিন ঝাও বলেন, ‘আগের দুবারের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশ সঠিক পথেই আছে। তবে তথ্যপ্রযুক্তিতে সামগ্রিকভাবে উন্নতি কৌশলগত অনেক বিষয়ের ওপর নির্ভরশীল। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ (পিপিপি) এ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তিতে এ দেশের তরুণদের যে আগ্রহ, সেটি বেশ আশাব্যঞ্জক। এসব পদক্ষেপ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে।’
তথ্যপ্রযুক্তির কৌশলগত উন্নয়নে বাংলাদেশের করণীয় সম্পর্কে আইটিইউর মহাসচিব বলেন, প্রযুক্তিগত অনেক বড় বড় উদ্ভাবন এখন শুধু উন্নত দেশ অথবা বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান থেকে আসছে না। একজন ক্ষুদ্র উদ্যোক্তার কাছ থেকেই অনেক বিশ্বজয়ী প্রযুক্তি উদ্ভাবন বের হয়ে আসছে। বাংলাদেশের আইসিটি স্টার্টআপ কোম্পানিগুলো থেকেও এমন কিছু উদ্ভাবন সম্ভব। প্রযুক্তি উদ্যোক্তাদের সহযোগিতায় আইসিটি ইনকিউবেটর তাই একটি কার্যকর উদ্যোগ। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের (এসএমই) প্রযুক্তি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা অর্জনে আইটিইউ সহযোগিতা করবে।
ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে আইটিইউ ও ভিম্পেলকম নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশকে সহযোগিতা করবে জানিয়ে অগি ফাবেলা বলেন, ডিজিটাল সেবা দিতে তরঙ্গ খুব গুরুত্বপূর্ণ। তরঙ্গের ক্ষেত্রে সব অপারেটর যাতে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকে, সেটি নিয়ন্ত্রক সংস্থাকে নিশ্চিত করতে হবে।