ডিজেল-সংকট মোকাবিলায় ভাসমান মজুদ ট্যাংক
তেলবাহী জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে এনে খালাস করতে সময় লাগে চার দিন। অথচ ৩০ হাজার মেট্রিক টনের এক জাহাজ ডিজেল খালাসের তিন দিনের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। ফলে জোগান-খালাস-চাহিদার এই টানাটানির মধ্যে দেশে ডিজেল-সংকট দেখা দেয়। দেশের বিভিন্ন তেল-ডিপোতে ডিজেলের মজুদ আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিশালাকৃতির একটি তেলবাহী জাহাজকে (সুপার ট্যাংকার) ভাসমান মজুদ ট্যাংক হিসেবে ব্যবহার শুরু করেছে। এমটি নর্ড ভেনাস নামের এই জাহাজ প্রায় ৫৫০ কোটি টাকা (সাত কোটি ৫০ লাখ মার্কিন ডলার) দামের ৭০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে গত শনিবার কুতুবদিয়া এলাকায় বঙ্গোপসাগরে নোঙর করে। জাহাজটির কিছু তেল সেখানে খালাস করে এটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আনার পরিকল্পনা আছে। বিপিসির কর্মকর্তারা জানান, এক জাহাজে একসঙ্গে এত বেশি ডিজেল আগে আনা হয়নি। এই ডিজেল আমদানির জন্য ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) দেওয়া ঋণসুবিধা কাজে লাগানো হয়েছে। জানা যায়, নর্ড ভেনাসে একসঙ্গে তিন জাহাজের পরিমাণ অর্থাৎ এক লাখ সাত হাজার মেট্রিক টন ডিজেল রাখার সুবিধা আছে। জাহাজের সম্পূর্ণ তেল খালাস করতে সময় লাগবে এক মাস। এরপর জাহাজটি আবার সিঙ্গাপুরে গিয়ে শোধিত তেল নিয়ে কুতুবদিয়ার অদূরে আসবে।বিপিসির চেয়ারম্যান মুকতাদির আলী বলেন, ‘হঠাৎ দেশে ডিজেলের চাহিদা বেড়ে যাওয়ায় আমাদের তিন জাহাজের ডিজেল এক জাহাজেই আনতে হচ্ছে। এতে আমাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।’ বিপিসি সূত্র জানায়, নর্ড ভেনাস সিঙ্গাপুরের একটি পরিশোধনাগার থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল নিয়ে কুতুবদিয়ায় আসার কথা ছিল ১৫ মার্চ। কিন্তু জাপানে সুনামির কারণে জাহাজটিকে সিঙ্গাপুর বন্দরের বাইরে সাগরে পাঠানো হয়। উত্তাল সমুদ্রের তোড়ে জাহাজটি আরও দূরে মালাক্কা প্রণালিতে চলে যায়। পরে আবার সিঙ্গাপুর এসে ডিজেল নেয়। এ কারণে জাহাজটিতে এক লাখ টনের পরিবর্তে ৭০ হাজার টন ডিজেল ভর্তি করা হয়।জানা গেছে, মিসরের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিডল ইস্ট অয়েল রিফাইনারি (মাইডর) নর্ড ভেনাসে করে ডিজেল সরবরাহ করছে। মাইডরের সঙ্গে বিপিসির চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করার কথা। ইতিমধ্যে এক লাখ টন ডিজেল দিয়েছে।বিপিসি সূত্র জানায়, দেশে ডিজেল-সংকট মোকাবিলায় নর্ড ভেনাসের তেল দ্রুততার সঙ্গে খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিঙ্গাপুর থেকে ফিলিপাইন ন্যাশনাল অয়েল কোম্পানি লিমিটেডের (পিএনওসিএল) সরবরাহ করা ডিজেল নিয়ে এমটি প্যাসিফিক ওয়েসিস চট্টগ্রাম বন্দরে এসেছিল গত সপ্তাহে। তেল নামানোর পর এ ট্যাংকারকে নর্ড ভেনাসের ডিজেল খালাসে লাগানো হয়। কুতুবদিয়া থেকে প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে প্যাসিফিক ওয়েসিস আজ মঙ্গলবার বিকেলের মধ্যে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ার কথা। এরপর নর্ড ভেনাসকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আনার পরিকল্পনা আছে। দেশে এখন প্রতিদিন ডিজেল বিক্রি হচ্ছে প্রায় ১২ হাজার মেট্রিক টন। গত কিছুদিন গড়ে ১৩ হাজার টনও বিক্রি হয়। বোরো চাষের কারণে আগামী মাসে দেশে ডিজেলের চাহিদা বেশি থাকবে।