ডিবিএইচ টানা চতুর্থ বছরের জন্য সর্বোচ্চ ক্রেডিট রেটিং পেল
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) টানা চতুর্থ বছরের জন্য দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ (এএএ) এবং স্বল্প মেয়াদে এসটি-১ পেয়েছে।ঢাকায় গতকাল রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (ক্র্যাব) ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক, ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক কিউ এম শরীফুল আলার হাতে ‘ক্রেডিট রেটিং রিপোর্ট’ তুলে দেন। এ সময় ডিবিএইচ ও ক্র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ক্র্যাবের প্রতিবেদনে বলা হয়, ডিবিএইচের সর্বোচ্চ রেটিং প্রাপ্তি প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানটির শক্তিশালী অবস্থানসহ আয়ের স্থিতিশীল প্রবণতা, সম্পদের গুণগতমান ও ভিত্তিকে তুলে ধরেছে।হামিদুল হক বলেন, সম্পদের চমত্কার গুণগতমান, নন-পারফর্মিং ঋণের অনুপাত শূন্য দশমিক ৫ শতাংশের নিচে রাখা, শক্তিশালী তহবিল কাঠামো এবং নির্ভরযোগ্য ঋণের ধরন ডিবিএইচের চতুর্থ বছরের জন্য সর্বোচ্চ ‘ট্রিপল এ’ রেটিং অর্জনকে নিশ্চিত করেছে।কিউ এম শরীফুল আলা বলেন, ‘আমরা অত্যন্ত খুশি। “এএএ” প্রাপ্তি দেশে ডিবিএইচের সেবা সম্প্রসারণের পাশাপাশি বাড়ি বা ফ্ল্যাটের মালিকানা বৃদ্ধিতে আমাদের অব্যাহত প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’গত ২০০৮-০৯ অর্থবছর শেষে ডিবিএইচের ব্যবস্থাধীনে মোট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ২৬০৭ কোটি টাকা। বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনসহ (আইএফসি) কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিবিএইচের শেয়ারহোল্ডার। বিজ্ঞপ্তি।