ডিবিবিএলের মোবাইল ব্যাংকিং সেবা এখন গ্রামীণফোনে
গ্রামীণফোনে এখন থেকে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) মোবাইল ব্যাংকিং সেবা পাওয়া যাবে।এ ব্যাপারে ডিবিবিএল ও গ্রামীণফোন লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ডিবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টোর জনসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) মাহমুদ হোসেন, উপপরিচালক ও ফিন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান দেলোয়ার হোসেন আজাদ এবং ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ও মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান মীর মমিনুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে গ্রাহকেরা এখন আরও বিস্তৃত নেটওয়ার্কের আওতায় ডিবিবিএলের মোবাইল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। চুক্তিটির অধীনে গ্রামীণফোন ব্যবহারকারী গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেবে ডিবিবিএল, যার মধ্যে থাকবে বিপুলসংখ্যক আউটলেট ও এজেন্ট নেটওয়ার্ক, স্বল্পব্যয়ে সেবা, সম্পূর্ণ জবাবদিহিমূলক নেটওয়ার্ক, ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে বেতন-ভাতা প্রদান, রেমিট্যান্স সেবা, ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স ও স্টেটমেন্ট অনুসন্ধান। বিজ্ঞপ্তি।