ডিভাইসের তথ্য যাচাইয়ে ইন্টারপোলের প্রতিনিধিদল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সহায়তা দিতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ছয় সদস্যের একটি দল দেশে এসেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধিদলটি ঢাকায় এসে পৌঁছায়। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় জব্দ করা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারের ডিভাইসের তথ্য যাচাই-বাছাইয়ে এই প্রতিনিধিদল সিআইডিকে সহায়তা করবে। 

সিআইডির সূত্র জানায়, ইন্টারপোলের ছয় সদস্যের দলটির নেতৃত্ব দিচ্ছেন ব্র্যাড মার্ডেন। প্রতিনিধি দলটির সবাই ফরেনসিক আইটি বিশেষজ্ঞ। আজ বুধবার সকাল থেকে ইন্টারপোলের সদস্যরা ডিভাইসের তথ্য যাচাই-বাছাইয়ে সিআইডিকে সহায়তা দিচ্ছেন। তাঁরা প্রতিদিন সিআইডি কার্যালয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন।
মামলার তদন্ত তদারকের সঙ্গে যুক্ত সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহ আলম আজ প্রথম আলোকে বলেন, ইন্টারপোলের দক্ষ এই দলটি ৬ মে দেশ ছেড়ে যাবে। মামলার অগ্রগতি নিয়ে এই কর্মকর্তা বলেন, তদন্ত বেশ এগোচ্ছে। শিগগিরই এ বিষয়ে তাঁরা জানাতে পারবেন।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সঙ্গে সংশ্লিষ্ট ২০ জন বিদেশি নাগরিককে শনাক্ত করেছে সিআইডি। এই ২০ জনের কাছে চুরির অর্থ গিয়েছিল বা যাওয়ার কথা ছিল। এঁদের বেশির ভাগই শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিক। তবে একজন করে চীন ও জাপানের নাগরিকও আছেন। রিজার্ভ চুরির ঘটনা তদন্তে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে যাওয়া সিআইডির কর্মকর্তারা এঁদের নাম-ঠিকানা সংগ্রহ করেছেন। এরপর ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা কতটুকু বা আদৌ আছে কি না, তা খতিয়ে দেখতে ওই দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছেন।
তদন্ত সম্পৃক্ত সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনা নিয়ে ফিলিপাইনে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করা ছাড়াও দেশটির সিনেট কমিটি প্রকাশ্যে শুনানি করছে। এই শুনানিতে যাঁদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর হয়েছে, তাঁদের নাম বলা হয়েছে। শ্রীলঙ্কায় তদন্তে কয়েকজনের নাম এসেছে।
তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাত-আটজন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা পেয়েছে সিআইডি। এ নিয়ে সিআইডির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ছাড়াও ব্যাংকের বাইরের একটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে (এজেন্ট ও ভেন্ডার) শনাক্ত করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এর মধ্যে ২ কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। ওই অর্থ ফেরত পেয়েছে বাংলাদেশ। চুরি হওয়া বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে। এ ঘটনা খতিয়ে দেখতে সিআইডির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ৬ এপ্রিল ফিলিপাইনে গিয়ে ১৪ তারিখে ফিরে আসে। আরেকটি প্রতিনিধিদল ৭ এপ্রিল গিয়ে ১৫ এপ্রিল ফিরে আসে।
ফিলিপাইন থেকে ফিরে সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী প্রথম আলোকে বলেন, ‘আমাদের চুরি যাওয়া টাকাগুলো যেসব অ্যাকাউন্টে গিয়েছিল বা যাওয়ার কথা ছিল, সেই অ্যাকাউন্টগুলোর সঙ্গে এই ২০ জন সম্পর্কিত। এর মধ্যে চারটি অ্যাকাউন্টে টাকা গিয়েছিল, বাকিগুলোতে টাকা যাওয়ার কথা ছিল বা পাঠানোর নির্দেশনা ছিল।’
আবদুল্লাহেল বাকি বলেন, ‘এই ২০ জনের মধ্যে যাঁরা শ্রীলঙ্কার, তাঁদের কারও পকেটেই কিন্তু টাকা যায়নি। ব্যাংকই টাকা ফেরত দিয়ে দিয়েছে। আর ফিলিপাইনের যাঁরা, তাঁদের মধ্যে চারজনের অ্যাকাউন্টে টাকা গেছে। বাকিদের অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। তাই এখনই বলার সময় আসেনি যে এঁরাই জড়িত ছিলেন।’
সফরের সফলতা সম্পর্কে জানতে চাইলে আবদুল্লাহেল বাকী বলেন, যে নাম ও ঠিকানাগুলো পাওয়া গেছে, তাঁদের সংশ্লিষ্টতা দেখার জন্য দেশটির পুলিশকে বলা হয়েছে। তারা দেখে জানাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগপত্র দেওয়া হবে। তবে অভিযোগপত্রে কতজনের নামে হবে, সেটার জন্য আরেকটু সময় লাগবে। তবে আন্তর্জাতিক বিষয় এবং অন্য দেশের নাগরিক হওয়ায় অভিযোগপত্র দেওয়ার আগে তিনি কারও নাম বলতে চাননি।