ডিম বাদে সব পণ্যের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসের অন্যতম অনুষঙ্গ খোরমা খেজুরের দামে তারতম্য দেখা গেছে রাজধানীর বাজার ভেদে। ছবিটি আজ রোববার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ
পবিত্র রমজান মাসের অন্যতম অনুষঙ্গ খোরমা খেজুরের দামে তারতম্য দেখা গেছে রাজধানীর বাজার ভেদে। ছবিটি আজ রোববার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ

কথা রাখতে পারলেন না বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও। তিনি বলেছিলেন ‘রমজানে কোনো পণ্যের দাম বৃদ্ধি পাবে না’। অথচ বাজারে ঘুরে দেখা গেছে, রমজানে যেসব পণ্য বেশি চাহিদা সেসব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। তবে শুধু ডিমের দাম স্থিতিশীল রয়েছে।

রমজানে যেসব পণ্য বেশি চাহিদা, সেসব পণ্যের দাম বাজার ভেদে তারতম্য দেখা গেছে। পুরান ঢাকার মৌলভীবাজারে যে ছোলার প্রতি কেজি ৫২ টাকা, সেই একই ছোলার দাম হাতিরপুল বাজার ও কারওয়ান বাজারে ৫৫ কিংবা ৫৬ টাকা। এর গত এক মাস আগে সব বাজারেই ছোলার কেজি ছিল মাত্র ৪৬ টাকা।

মৌলভীবাজারে পেঁয়াজ প্রতি কেজি দেশি ৩৮ ও বিদেশি ৩২ টাকা। অথচ হাতিরপুলে এই পেঁয়াজের দাম প্রতি কেজি দেশি ৪০ ও বিদেশি ৩৬ টাকা। কারওয়ান বাজারে একই দর।

তবে মৌলভীবাজার, হাতিরপুল ও কারওয়ান বাজারে বেগুনের দাম প্রতি কেজি ৯০ টাকা; যে বেগুন কয়েক দিন আগে ছিল মাত্র ৪০ থেকে ৬০ টাকা। আলুর দাম প্রতি কেজি ২৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ২০ টাকা। এ ছাড়া খোরমা খেজুর হাতিরপুল ও পুরান ঢাকার মৌলভীবাজারে প্রতি কেজি ২৮০ টাকা (ফরিদা) ও ২৫০ টাকা (বরই)। তবে কারওয়ান বাজার এই খোরমা খেজুরের দাম বেশি। এ ছাড়া রমজান উপলক্ষে ডিমের দাম বাদে সব পণ্যের দামই বেড়েছে। সব বাজারে ডিমের হালি ২৮ টাকা।

এ ছাড়া সব বাজারেই গরুর মাংস ৩০০ টাকা। তবে বাজার ভেদে ব্রয়লার মুরগির দাম কম আছে। কিন্তু কোনো বাজারেই প্রতি কেজি ১৬০ টাকার কম নয়।