ডিমিউচুয়ালাইজড হলো দেশের দুই স্টক এক্সচেঞ্জ
ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে স্টক এক্সচেঞ্জের সংঘস্মারক ও সংঘবিধির নিবন্ধিত সনদ ও পাবলিক কোম্পানিতে রূপান্তরের পুনর্নিবন্ধন সনদ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো) গতকাল বৃহস্পতিবার ডিএসই ও সিএসইকে এই সনদ দেয়। ফলে আইন অনুযায়ী গতকাল থেকেই পূর্ণাঙ্গ ডিমিউচুয়ালাইজড হলো দুই স্টক এক্সচেঞ্জ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী প্রথম আলোকে বলেন, পুনর্নিবন্ধন সনদ পাওয়ার পর থেকেই উভয় স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড হয়ে গেল। একই সঙ্গে শুরু হলো নতুন পরিচালনা পর্ষদের জন্য ৯০ দিনের ক্ষণ গণনা। আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে পরিচালনা পর্ষদের প্রথম সভা করতে হবে বলে জানান তিনি।
সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেনও পুনর্নিবন্ধন সনদ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
সম্প্রতি ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্কিম অনুযায়ী গত ২৫ অক্টোবর সিএসই এবং ২ নভেম্বর ডিএসই বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্পন্ন করে। এতে দুই স্টক এক্সচেঞ্জের সংঘবিধি ও সংঘস্মারক অনুমোদন করা হয়ে। পরে তা নিবন্ধনের জন্য রেজসকোতে পাঠানো হয়।
এদিকে ডিমিউচুয়ালাইজেশন আইনের ১০ ধারায় বলা হয়, ‘ধারা ৮-এর দফা ক-তে বর্ণিত সভা অনুষ্ঠানের তারিখ অথবা প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ৯-এর উপধারা ২-এ বর্ণিত নিবন্ধন প্রত্যয়নপত্র প্রদানের তারিখ, এই দুইয়ের মধ্যে যেই তারিখ পরে হয়, ক্ষেত্র বিশেষে সেই তারিখ হইতে সংশ্লিষ্ট বিদ্যমান এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড বলিয়া গণ্য হইবে।’
আর ১১ নম্বর ধারায় বলা হয়, ডিমিউচুয়ালাইজেশনের তারিখ হতে ৯০ দিনের মধ্যে সংঘবিধি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করে পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠান করবে। এই ধারার ১-এর খ উপধারায় বলা হয়, ‘লেনদেনের অধিকার হতে উহার মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক করবে।’ আর ২ উপধারায় বলা হয়, ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হবেন।
এ ক্ষেত্রে ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী ডিএসই ও সিএসইর ১৩ সদস্যের পর্ষদ গঠন করা হবে। এর মধ্যে সাতজন হবেন স্বতন্ত্র পরিচালক। চারজন স্টেকহোল্ডার, একজন প্রধান নির্বাহী কর্মকর্তা ও একজন স্ট্র্যাটেজিক ইনভেস্টর থাকবেন। এই সাতজন স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন।