ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ) আইনের খসড়া অর্থ মন্ত্রণালয় ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসইর একটি প্রতিনিধিদল এসইসির চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের কাছে খসড়াটি জমা দেন। পরে অর্থ মন্ত্রণালয়ে আইনের খসড়া জমা দেওয়া হয়।ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আইনের খসড়াটি আমরা এসইসিতে জমা দিয়েছি। বেলা সাড়ে তিনটার দিকে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।’প্রতিনিধিদলে রকিবুর রহমান ছাড়াও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, ডিএসইর সহসভাপতি মো. শাহজাহান, পরিচালক আহসানুল ইসলাম, খাজা গোলাম রসুল, মিজানুর রহমান খান, মো. হানিফ ভূইয়া ও মিনহাজ মান্নান ইমন উপস্থিত ছিলেন।এদিকে বেলা সাড়ে তিনটার দিকে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারীর কাছে জমা দেওয়া হয়েছে বলে ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানিয়েছেন।এর আগে গত মঙ্গলবার ডিএসইর বোর্ড সভায় আইনটির খসড়া অনুমোদন হয়।প্রসঙ্গত, ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া প্রস্তুত করে।