ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) কর্মসূচি (স্কিম) জমা দিয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এই কর্মসূচি জমা দেওয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খানের নেতৃত্বে সংস্থা দুটির আলাদা প্রতিনিধিদল নিজ নিজ সংস্থার পক্ষে আলাদাভাবে এই কর্মসূচি জমা দেন। বিএসইসির পক্ষে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামী তা গ্রহণ করেন। এ সময় বিএসইসির কমিশনার আমজাদ হোসেন, আরিফ খান ও আবদুস সালাম সিকদার উপস্থিত ছিলেন।

জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া কর্মসূচিতে ডিএসইর প্রাতিষ্ঠানিক মূল্য (এন্টারপ্রাইজ ভ্যালু) দেখানো হয়েছে প্রায় চার হাজার ২০০ কোটি টাকা। প্রত্যেক সদস্য বা ব্রোকারেজ হাউসের মালিক পাবেন প্রায় সোয়া সাত কোটি টাকার সমমূল্যের শেয়ার। ডিএসইর মোট সদস্যসংখ্যা ২৫০। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

অন্যদিকে সিএসইর সম্পদমূল্য দেখানো হয়েছে ৬৩৫ কোটি টাকা। প্রতিটি ব্রোকারেজ হাউসের মূল্য ঠিক করা হয়েছে সোয়া চার কোটি টাকা।

নিয়ম অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের জমা দেওয়া কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দেবে বিএসইসি। এ ক্ষেত্রে কমিশন চাইলে দুই স্টক এক্সচেঞ্জের কর্মসূচিতে প্রয়োজনীয় পরিমার্জন, পরিবর্ধন বা সংযোজন, বিয়োজন করতে পারবে। বিএসইসির চূড়ান্ত অনুমোদনের পর ডিমিউচুয়ালাইজেশনের বাস্তবায়ন-প্রক্রিয়া শুরু হবে।

এদিকে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে ডিএসইর পরিচালনা পর্ষদ। মতিঝিলে ডিএসই কার্যালয়ে এই মতবিনিময়কালে ডিএসই সভাপতি বলেন, শেয়ারবাজার কখনো ধ্বংস হয় না। স্বাভাবিক নিয়মে বাজারে উত্থান-পতন থাকবে। এটিই বাজারের ধর্ম।