ডিমিউচুয়ালাইজেশনের জন্য কর সুবিধা চায় ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জ ডিমিউ-চুয়ালাইজেশনের (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক্করণ) জন্য কর অব্যাহতি সুবিধা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইর পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে গতকাল মন্ত্রণালয়ে বৈঠক করে তিন দফা দাবি তুলে ধরা হয়।

এগুলো হচ্ছে ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হওয়ার পর ডিএসইর জন্য পাঁচ বছরের কর-অবকাশসুবিধা, ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী সময়ে প্রাথমিক শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার ইস্যুর ক্ষেত্রে প্রাপ্ত এককালীন কাগুজে মূলধনী লাভ ও ব্লকড হিসেবে রক্ষিত শেয়ার বিক্রয়কালীন মূলধনী লাভকে করমুক্ত রাখা এবং ডিমিউচুয়ালাইজেশনের পর ডিএসইর ইস্যুকৃত শেয়ারের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে ডিম্যাটেরিয়ালাইজড শেয়ার হওয়ায় ১ দশমিক ৫ শতাংশ স্ট্যাম্প শুল্কের অব্যাহতি।

এ প্রসঙ্গে ডিএসইর পরিচালকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে ডিমিউচুয়ালাইজেশন করছেন তাতে ধন্যবাদ পাওয়ারই যোগ্য।’ অনেক দেশের স্টক এক্সচেঞ্জেই ডিমিউচুয়ালাইজেশনের আগে সংঘাতমূলক পরিস্থিতি দেখা দিয়েছিল বলে উল্লেখ করে দাবি পূরণের আশ্বাস দিয়ে মুহিত বলেন, ‘সিদ্ধান্ত দিয়ে যাব, পরের সরকার তা বাস্তবায়ন করবে।’

এদিকে, অর্থমন্ত্রীর কাছে যে তিন দাবি উপস্থাপন করা হয়েছে, সেগুলো নিয়ে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের সঙ্গেও বৈঠক করে ডিএসই। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ডিমিউচুয়ালাইজেশনের পাশাপাশি আরও কিছু করা যায় কি না সে ব্যাপারে ডিএসইকে পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান।