স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের যাত্রা শুরু হলো। এর ফলে দেশের স্টক এক্সচেঞ্জের ইতিহাসে নতুন এক মাত্রা যুক্ত হলো। এত দিন স্টক এক্সচেঞ্জ পরিচালনায় ছিল শেয়ারধারীদের প্রভাব। ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমে স্টক এক্সচেঞ্জ পরিচালনায় শেয়ারধারীদের প্রভাব খর্ব করা হয়েছে। পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ হিসেবে নিযুক্ত করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ পরবর্তী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত শনিবার সিএসইর নবগঠিত পরিচালনা পর্ষদের সভায় স্বতন্ত্র সাত পরিচালকের মধ্য থেকে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এ বিষয়ে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘শনিবার চট্টগ্রাম ক্লাবে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে।’
এর আগে শনিবার সিএসইর শেয়ারধারী পরিচালক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
যোগাযোগ করা হলে সিএসইর নতুন চেয়ারম্যান আবদুল মজিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে আমার প্রথম কাজ হবে বিনিয়োগকারীসহ স্টক এক্সচেঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাভজনকভাবে পরিচালিত করা। এ জন্য অধিক বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি স্টক এক্সচেঞ্জের ওপর বিনিয়োগকারীদের যে আস্থাহীনতা রয়েছে, সেটি দূর করা।’
আবদুল মজিদ আরও বলেন, বাস্তবে স্টক এক্সচেঞ্জটি কতটা ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ হয়েছে, সেটি প্রতিষ্ঠা করাও বড় একটি চ্যালেঞ্জ হিসেবে সামনে রয়েছে। নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ভালো ভালো কোম্পানি বাজারে আনার চেষ্টা চালাবেন বলেও তিনি জানান।
সিএসইর আগে গত শুক্রবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।
এদিকে ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান ও পর্ষদ গঠনের পর গতকাল রোববার ছিল শেয়ারবাজারের প্রথম লেনদেন দিবস। আগের কয়েক দিনের ধারবাহিকতায় এই দিনও দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ও লেনদেন কমেছে।