ডিমিউচুয়ালাইজড হতে বড় ধাপ পেরোল সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) পথে বড় ধাপ সম্পন্ন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। নিয়ন্ত্রক সংস্থা অনুমোদিত ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি (স্কিম), স্টক এক্সচেঞ্জের সংশোধিত সংঘবিধি ও সংঘস্মারক এবং প্রথম পরিচালনা পর্ষদ গঠনের বিষয়টি গ্রহণ করা হয়েছে।
গত শুক্রবার অনুষ্ঠিত সিএসইর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উল্লিখিত বিষয়গুলো বিশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়। এতে সিএসই ডিমিউচুয়ালাইজেশনের পথে গুরুত্বপূর্ণ ধাপটি অতিক্রম করল।
সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে এই ইজিএম অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন সিএসইর সভাপতি আল মারুফ খান।
সিএসই আরও জানিয়েছে, আইন অনুযায়ী ইজিএমে ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচিসহ তিনটি বিষয় বিশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়েছে।
সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আইনে ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি অনুমোদনপ্রাপ্তির ৩০ দিনের মধ্যে ইজিএম সম্পন্ন করা, শেয়ারধারীদের মধ্যে শেয়ার বণ্টনসহ আরও বেশ কিছু বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেভাবেই আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি।’
এদিকে প্রথম ৩০ দিন ও তৎপরবর্তী করণীয় শেষে ৯০ দিনের মধ্যে নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদের হাতে বর্তমান পর্ষদকে দায়িত্ব হস্তান্তর করতে হবে।