ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া অনুমোদন
দেশের দুই স্টক এক্সচেঞ্জের (ঢাকা ও চট্টগ্রাম) ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার এসইসির নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। এসইসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক এক্সচেঞ্জগুলোর ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে সংসদ কর্তৃক আইন প্রণয়নের সুবিধার্থে আজ ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট অনুমোদন করা হয়। পরবর্তী পদক্ষেপের জন্য আইনটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই আইনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, এই আইন পাস হলে স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক হবে, ডিমিউচুয়ালাইজেশনের পর স্টক এক্সচেঞ্জের সংখ্যাগরিষ্ঠ পরিচালক স্বাধীন ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন, স্টক এক্সচেঞ্জ ভবিষ্যতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে পারবে এবং স্টক এক্সচেঞ্জ স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করতে পারবে। এ ছাড়া এই আইন পাস হওয়ার পর ৯০ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জগুলো তাদের প্রস্তাবিত ডিমিউচুয়ালাইজেশন স্কিম প্রয়োজনীয় কাগজপত্রসহ এসইসিতে জমা দেবে এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে তা অনুমোদন করবে। প্রসঙ্গত, ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া প্রস্তুত করে। পরে তা এসইসি ও অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।