ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া চূড়ান্ত করেছে এসইসি
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের বিধান রেখে স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন)-সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া অনুমোদন করা হয়। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসইসি জানিয়েছে, অনুমোদিত খসড়া আইনটি জাতীয় সংসদে পাস হলে স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক হবে। আইনটি সংসদে পাস হওয়ার পর ৯০ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জ দুটিকে তাদের ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচির (স্কিম) প্রয়োজনীয় কাগজপত্র এসইসিতে জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে এসইসি তা অনুমোদন করবে।আইনের খসড়ায় আরও বলা হয়েছে, ডিমিউচুয়ালাইজেশনের প্রক্রিয়া সম্পন্ন হলে দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাগরিষ্ঠতা বাড়বে। সেই সঙ্গে ভবিষ্যতে দুই স্টক এক্সচেঞ্জ আইপিওর মাধ্যমে বাজারে শেয়ার ছাড়তে পারবে। পাশাপাশি কৌশলগত বিনিয়োগকারীদের কাছেও শেয়ার বিক্রির বিধান রাখা হয়েছে।বর্তমানে স্টক এক্সচেঞ্জের মালিকানা যাঁদের হাতে, ব্যবস্থাপনাও পরিচালিত হয় তাঁদের সিদ্ধান্তে। কিন্তু ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হলে ব্যবস্থাপনার ওপর থেকে মালিকানার প্রভাব কমে যাবে বলে মনে করছেন অনেকেই। এসইসি জানিয়েছে, অনুমোদিত ডিমিউচুয়ালাইজেশন-সংক্রান্ত খসড়া আইনটির পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।