ডিমিউচুয়ালাইজেশন এগিয়ে নেওয়া ডিএসইর প্রধান কাজ
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন)-সংক্রান্ত স্কিম তৈরির জন্য দেশি-বিদেশি পাঁচ প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর বাইরে নিয়োগ করা হয়েছে একজন পরামর্শক। এসব প্রতিষ্ঠান ও পরামর্শককে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ডিএসইতে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন আইনে নির্ধারিত সময়সীমার মধ্যে সুচারুরূপে পুরো প্রক্রিয়া সম্পন্ন করাই ডিএসইর নির্বাচিত নেতৃত্বের প্রধান কাজ বলে জানিয়েছেন সংস্থাটির নতুন সভাপতি আহসানুল ইসলাম। এর বাইরে আগামী অর্থবছরের বাজেট পাস হওয়ার আগে তাতে পুঁজিবাজারের জন্য বাড়তি একাধিক প্রণোদনা যুক্ত করতে উদ্যোগ নেবেন বলেও তিনি জানান। গতকাল সোমবার দুপুরে দিলকুশায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের কার্যালয়ে বসে তিনি তাঁর এ পরিকল্পনার কথা জানান। ডিএসইর সভাপতি বলেন, ডিমিউচুয়ালাইজেশনের পর স্টক এক্সচেঞ্জের কর অব্যাহতি ও বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা বাড়ানোর বিষয়ে আবার চেষ্টা করা হবে। ডিমিউচুয়ালাইজেশন স্কিম তৈরির জন্য ডিএসই যেসব প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে সেগুলো হলো আন্তর্জাতিক সংস্থা কেপিএমজি, গ্র্যান্ড থর্নটন, এফটি ইন্ডিয়া, ব্র্যাক ইপিএল ও রয়েল গ্রিন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেপিএমজি ডিএসইর সম্পদ পুনর্মূল্যায়নের কাজ করবে। আর স্কিমের অন্যান্য বিষয় চূড়ান্ত করতে দেশীয় প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল ও রয়েল গ্রিনের সঙ্গে যুক্ত থাকবে গ্র্যান্ড থর্নটন ও এফটি ইন্ডিয়া। এর বাইরে পরামর্শক হিসেবে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন যুক্তরাজ্যভিত্তিক ইনভেস্টমেন্ট ব্যাংকার খালেদ রহিম। ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, ৩০ জুলাইয়ের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে তাদের স্কিম জমা দিতে হবে। স্কিম জমা দেওয়ার সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের পর বিএসইসি ওই স্কিম অনুমোদন করবে। এদিকে শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে ডিএসইর সভাপতি বলেন, ‘বাজারে শেয়ারের দামের উত্থান-পতন থাকবে। এটা স্বাভাবিক নিয়ম। আমাদের চেষ্টা থাকবে লেনদেনে যেন ভালো গতি বজায় থাকে।’ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর প্রক্রিয়াকে আরও সহজ করতে তাঁর সময়কালে উদ্যোগ নেওয়া হবে বলেও ডিএসইর সভাপতি জানান। তিনি বলেন, বর্তমানে আইপিওতে টাকা জমার দেওয়ার পর তা ফেরত পেতে প্রায় দেড় মাস সময় লাগে। কিন্তু চাইলেই এক সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।