৫০তম বার্ষিক সভায় নতুন নেতৃত্ব নির্বাচিত
ডিমিউচুয়ালাইজেশন নিয়ে স্বচ্ছ ধারণা চান ডিএসইর সদস্যরা
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এই নেতৃত্বকে ঘিরে গত সপ্তাহজুড়ে বাজারে যে জল্পনা-কল্পনা ছিল তারও অবসান হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সংস্থাটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর আবারও রকিবুর রহমানকে ডিএসইর নতুন সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব নিয়ে নতুন সভাপতি বললেন, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে তাঁর মূল চ্যালেঞ্জ।জানা যায়, নতুন সভাপতি কে হবেন—এ নিয়ে ভোটারদের পাশাপাশি সাধারণ সদস্য ও বিনিয়োগকারীদের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া ডিএসইর বার্ষিক সভায় সংস্থাটির পরিচালনা পর্ষদ থেকে ব্যবস্থাপনাকে পুরোপুরি আলাদা করা বা ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া নিয়ে সদস্যরা তাঁদের মতামত দেন। রাজধানীর একটি হোটেলে ডিএসইর এজিএম অনুষ্ঠিত হয়। এজিএম শেষে নির্বাচিত ১২ পরিচালকের ভোটে রকিবুর রহমান আগামী এক বছরের জন্য সংস্থাটির নতুন সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন আহমেদ রশীদ লালী ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান। পরে বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সভায় বেশ কয়েকজন সদস্য সদ্য বিদায়ী সভাপতি শাকিল রিজভীসহ পরিচালনা পর্ষদের কাছে ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চান। সদস্যরা বলেন, এ ব্যাপারে তাঁদের কাছে স্বচ্ছ কোনো ধারণা নেই। যেহেতু বিষয়টির সঙ্গে সব সদস্যের স্বার্থ জড়িত, তাই এটির অগ্রগতি সম্পর্কে সবারই সম্যক ধারণা দরকার। শুধু পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এটি সম্পর্কে অবগত হলে চলবে না বলেও তাঁরা উল্লেখ করেন। পাশাপাশি সভায় উপস্থিত বেশ কয়েকজন সদস্য বিশ্বের অন্যান্য দেশের স্টক এক্সচেঞ্জের আলোকে ডিএসইর আয় বাড়ানোর পরিকল্পনা গ্রহণের বিষয়ে তাঁদের মতামত দেন। গত বছর এজিএমে বেশ কয়েকটি বিষয়ে ডিএসইর নেতৃত্বকে সদস্যদের তোপের মুখে পড়তে হলেও এবার সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবার কেক কেটে ডিএসইর ৫০তম এজিএম উদ্যাপন করা হয়। এ উপলক্ষে ডিএসইকে সিএসইর পক্ষ থেকে কেক উপহার দেওয়া হয়। সভায় একাধিক সদস্য ডিএসইর পরিচালক নির্বাচনের আগে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ছাড়পত্র নেওয়ার বিধানটি বাতিলের পক্ষে মত দেন। সদ্য বিদায়ী সভাপতি শাকিল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে সদস্যদের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন ইনভেস্টমেন্ট প্রোমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদেক, গ্লোবাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হাবিব আবুল মোস্তাক, আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম আকবর আলী, প্রাইমলিংক সিকিউরিটিজের চেয়ারম্যান জহিরুল ইসলাম, সিটি ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার আসাদুল ইসলাম, লতিফ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান প্রমুখ। এদিকে সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রকিবুর রহমান বলেন, ‘ভিন্ন এক প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব দেওয়া হলো। এক বছরেরও বেশি সময় ধরে বাজারে অস্থিরতা চলছে। এ অবস্থায় আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাজারে আস্থা ফিরিয়ে আনা। এটি সম্ভব হলে বাজার তার নিজস্ব গতি ফিরে পাবে।’অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ফেরেশতা নই। মানুষ হিসেবে আমি ভুল করতে পারি, তার জন্য আমি ক্ষমা চাই। আমি সব সময় পুঁজিবাজারবান্ধব মানুষ। কাজের মাধ্যমে এটি আবারও প্রমাণ করব।’