ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নে তিন সদস্যের কমিটি
দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ঢাকা ও চট্টগ্রাম) ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নে তিন সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। দুই স্টক এক্সচেঞ্জের জমা দেওয়া ডিমিউচুয়ালাইজেশন আইন ও এসইসির রোডম্যাপে উল্লিখিত বোর্ড প্রিন্সিপালের পার্থক্য নিরূপণের জন্য একটি প্রস্তাব এবং আইন তৈরির জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। এরই পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।কমিটির সদস্যরা হলেন, এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম ও পরিচালক মো. মাহাবুবুল আলম। ফরহাদ আহমেদ এই কমিটির আহ্বায়ক।এসইসি সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশনের খসড়া আইন ও কমিশনের এ-সংক্রান্ত রোডম্যাপে উল্লিখিত বোর্ড প্রিন্সিপালের পার্থক্য নিরূপণ করে একটি প্রস্তাব আগামী ২ আগস্টের মধ্যে কমিটিকে এসইসিতে জমা দিতে হবে। এ ছাড়া ডিমিউচুয়ালাইজেশন আইনসংক্রান্ত একটি প্রতিবেদন আগামী ১৪ আগস্টের মধ্যে এসইসিতে জমা দিতে বলা হয়েছে ওই কমিটিকে।প্রসঙ্গত, ১ জুলাই এসইসি ও অর্থ মন্ত্রণালয়ে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া জমা দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর আগে গত ২ ফেব্রুয়ারি ডিমিউচুয়ালাইজেশন-প্রক্রিয়া বাস্তবায়ন করতে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৬ জুন ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।