ডিমিউচুয়ালাইজেশন বিল সংসদের আগামী অধিবেশনে অনুমোদন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার জন্য ‘এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন বিল ২০১৩’ সংসদের আগামী অধিবেশনে অনুমোদন হচ্ছে। সংসদে উত্থাপিত এই বিল গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করেছে। কমিটির সভাপতি আগামী ২২ এপ্রিল তা প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল গতকাল সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনে এই কমিটির বৈঠক হয়। কমিটির সভাপতি বলেন, ডিমিউচুয়ালাইজেশনকে কেন্দ্র করে এক্সচেঞ্জগুলোর সদস্যরা আগামী পাঁচ বছরের জন্য কর সুবিধা চেয়েছেন। অর্থমন্ত্রী তাতে সম্মত হয়েছেন। তবে এ আইনে সেই সুবিধা রাখার সুযোগ নেই। তাই আগামী বাজেটে অর্থমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেবেন। তিনি জানান, পুঁজিবাজার নিয়ে সংসদীয় কমিটি ও সরকারের পক্ষ থেকে কিছু সুপারিশ ছিল। এসব সুপারিশ কতটা বাস্তবায়িত হয়েছে, তা কমিটির আগামী বৈঠকে আলোচনা হবে।মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, তাজুল ইসলাম, এম এ মান্নান ও ফরিদা রহমান বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।