স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক্করণ
ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন করতে পাঁচ বছর লাগবে
স্টক এক্সচেঞ্জের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ আর পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না। এমনকি পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যই হবেন স্বাধীন। এ রকম বিধান রাখা হয়েছে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন)-সংক্রান্ত খসড়া আইনে। ৯ অক্টোবর মন্ত্রিসভা এই আইনের খসড়া অনুমোদন করেছে। জাতীয় সংসদে অনুমোদনের পর আইনটি চূড়ান্ত হবে। খসড়া আইনটি পর্যালোচনা করে দেখা গেছে, এখন থেকে কাজ শুরু হলেও এই পৃথক্করণ পরিপূর্ণভাবে সম্পন্ন হতে পাঁচ বছর লেগে যাবে। এই সময়কালে বিভিন্ন ধাপ সম্পন্ন করা হবে।আইন অনুসারে, ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্টক এক্সচেঞ্জের মালিকানা ও লেনদেনের স্বত্ব আলাদা হবে। বর্তমান সদস্যরা এক্সচেঞ্জের মালিকানা বাবদ শেয়ার বরাদ্দ পাওয়ার পাশাপাশি লেনদেনের স্বত্বও পাবেন। প্রথম পাঁচ বছরের মধ্যে যদি কোনো সদস্য লেনদেনের স্বত্ব বিক্রি করে দেন তার পরও তিনি এক্সচেঞ্জের মালিকানার সুবিধা ভোগ করতে পারবেন। হাতে থাকা শেয়ারের বিপরীতে বছর বছর আর্থিক সুবিধা পাবেন। একইভাবে কেউ মালিকানার শেয়ার বিক্রি করে দিয়ে শুধু লেনদেনের স্বত্ব রাখতে চাইলে সেই ব্যবস্থাও থাকছে। বর্তমান সদস্যদের বাইরে লেনদেনের স্বত্বটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এ জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ মিলে একটি নীতিমালা তৈরি করবে। তার ভিত্তিতে ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হওয়ার পর যে কেউ চাইলে লেনদেনের সনদ নিতে পারবেন। সে ক্ষেত্রে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্টক এক্সচেঞ্জের শেয়ার বা মালিকানা কেনার কোনো বাধ্যবাধকতা থাকবে না। তবে ডিমিউচুয়ালাইজেশন শুরুর প্রথম পাঁচ বছরের মধ্যে বিদ্যমান সদস্যদের বাইরে কাউকে ট্রেডিং বা কারবার সনদ দিতে হলে শেয়ারধারীদের সংখ্যাগরিষ্ঠের মতামত নিতে হবে। এর ফলে মূলত ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া পরিপূর্ণ বাস্তবায়নে পাঁচ বছর সময় লাগবে। বিশেষজ্ঞরা পাঁচ বছর সময়কে দীর্ঘ বললেও এসইসির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের আর্থসামাজিক বাস্তবতায় সবার সম্মিলিত প্রচেষ্টায় নিখুঁতভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে যৌক্তিক কারণেই এ সময় নেওয়া হয়েছে। বর্তমান ব্যবস্থায় কোনো সদস্য তাঁর সদস্যপদ বিক্রি করে দিলে স্টক এক্সচেঞ্জের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়ায় মালিকানা ও লেনেদেনব্যবস্থা আলাদা করার মাধ্যমে সদস্যদের আর্থিক সুবিধার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, ডিমিউচুয়ালাইজেশন আইন চূড়ান্ত হওয়ার পর এটি কার্যকরের আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) শেয়ারের মাধ্যমে সীমাবদ্ধ দায়যুক্ত কোম্পানিতে পরিণত হতে হবে। বর্তমানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারের মাধ্যমে সীমাবদ্ধ দায়যুক্ত কোম্পানি হলেও সিএসই গ্যারান্টির মাধ্যমে সীমাবদ্ধ দায়যুক্ত কোম্পানি। বর্তমান অবস্থায় দুই স্টক এক্সচেঞ্জই পরিচালনা মুনাফাসহ অন্যান্য মুনাফা করলেও তা বিতরণ করা হয় না। মুনাফার উদ্দেশ্য নিয়ে স্টক এক্সচেঞ্জদ্বয় পরিচালিত হয় না। কিন্তু ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হওয়ার পর স্টক এক্সচেঞ্জ মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হবে। খসড়া আইনে বলা হয়েছে, ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া শুরুর পর স্টক এক্সচেঞ্জের শেয়ার ৪০: ৬০ অনুপাতে বিভক্ত হবে। অর্থাৎ মোট শেয়ারের ৪০ শতাংশ বিদ্যমান সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৬০ শতাংশ শেয়ার ব্লক হিসেবে স্থানান্তর করতে হবে। পরবর্তী সময়ে এই ৬০ শতাংশ শেয়ার কৌশলগত, প্রাতিষ্ঠানিক বা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিক্রি করা হবে। আর ৬০ শতাংশ শেয়ার বিক্রি থেকে যে অর্থ আয় হবে তা শেয়ারের আনুপাতিক হারে বিদ্যমান সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া শুরুর পর স্টক এক্সচেঞ্জের বর্তমান সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও দায় ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের সম্পত্তি ও দায়ে স্থানান্তর হবে। এদিকে স্টক এক্সচেঞ্জের কোনো পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা আইন পরিপালনে ব্যর্থ হন তাহলে ওই ব্যক্তিদের পদ থেকে অপসারণ বা সংশ্লিষ্ট পদের কার্যকারিতা স্থগিত করার বিধান রাখা হয়েছে। এমনকি প্রয়োজনে প্রধান নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে প্রশাসক নিয়োগেরও বিধান রাখা হয়েছে। এ ছাড়া ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হওয়ার পর স্টক এক্সচেঞ্জ দুটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও পদ্ধতি অথবা সরাসরি তালিকাভুক্ত (ডিরেক্ট লিস্টিং) হতে পারবে। এ ক্ষেত্রে এসইসির অনুমোদন লাগবে। খসড়া আইনে স্টক এক্সচেঞ্জের পরিচালক ও কর্মকর্তাদের অপরাধের জন্য এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।বিশেষজ্ঞ মত: জানতে চাইলে পুঁজিবাজার বিশেষজ্ঞ ও এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর একটু বেশি সময় হলেও আমরা চাই তাড়াহুড়ো না করে নিখুঁতভাবে সবার সঙ্গে সমঝোতার ভিত্তিতে ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা হোক। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে রাতারাতি পুঁজিবাজারের সব সমস্যার সমাধান হয়ে যাবে—এমনটি ভাবার কোনো কারণ নেই। বিনিয়োগকারীরা তাৎক্ষণিকভাবে এটির খুব বেশি সুফল পাবেন না। কিন্তু দীর্ঘ মেয়াদে বাজারে এর সুফল পাওয়া যাবে। কারণ, এই প্রক্রিয়ার মাধ্যমে স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনার ওপর থেকে মালিকদের প্রভাব ক্রমান্বয়ে কমে আসবে।’ জানতে চাইলে সিএসইর সভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, ‘ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমে বাণিজ্যিকভাবে স্টক এক্সচেঞ্জ পরিচালিত করতে হলে ব্যবসা সম্প্রসারণ বা বহুমুখীকরণের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ জন্য এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নিতে হবে। কিন্তু সেটি না হয়ে বিদ্যমান আঙ্গিকে ব্যবসা চলতে থাকলে স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে মুনাফার অশুভ প্রতিযোগিতা শুরু হবে। যার ফল বিনিয়োগকারী বা পুঁজিবাজার কারও জন্যই ভালো হবে না।’