ডিমিউচুয়ালাইজেশন সুশাসন বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) করা হলে বাজারের কারসাজি শনাক্তকরণের পাশাপাশি কারসাজি রোধে তা বড় ভূমিকা রাখবে। তবে এটি করা হলে শেয়ারবাজারের অস্থিরতা পুরোপুরি বন্ধ হয়ে যাবে—এমনটা ভাবার কোনো কারণ নেই। ডিমিউচুয়ালাইজেশনের ওপর গতকাল শনিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সহসভাপতি জামালউদ্দিন আহমেদ। নির্ধারিত আলোচক ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মসিহ মালিক চৌধুরী। এসইসির চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারের অস্থিরতার সঙ্গে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতিসহ অনেক বিষয় সরাসরি সম্পৃক্ত। একক কোনো কারণে বাজারে অস্থিরতা তৈরি হয় না। তাই ডিমিউচুয়ালাইজেশন হয়ে গেলেই বাজারের অস্থিরতা পুরোপুরি দূর হয়ে যাবে—এমনটি নয়। তবে এটি হলে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি অনেক বাড়বে। ডিমিউচুয়ালাইজেশন সম্পর্কে স্টক এক্সচেঞ্জের সদস্যদের মধ্যে যে মনোভাব বা দৃষ্টিভঙ্গি ছিল, তাতে অনেক পরিবর্তন এসেছে।খায়রুল হোসেন আরও বলেন, ‘আমরা সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।’ বর্তমান বাজার-পরিস্থিতি সম্পর্কে খায়রুল হোসেন বলেন, ‘এ বাজার থেকে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, তাদের কেউ-ই এখন বাজারে নেই। একসময় এ বাজারে ব্যাংকগুলো নির্ধারিত আইনি সীমা লঙ্ঘন করে শেয়ারবাজারে তাদের মোট দায়ের ৩৫ শতাংশের বেশি বিনিয়োগ করেছিল। বর্তমানে তাদের বিনিয়োগ নেমে এসেছে ২ শতাংশের নিচে। অথচ আইনি সীমা অনুযায়ী, ব্যাংকগুলোর ১০ শতাংশ বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি বাজারে যেসব মিউচুয়াল ফান্ড রয়েছে, সেগুলোও প্রয়োজনের চেয়ে অনেক কম।’ এসইসির স্বাধীনতা প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের যেকোনো কমিশনের চেয়ে এসইসি অনেক বেশি শক্তিশালী। বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক ক্ষমতা রয়েছে। শুধু জনবল নিয়োগ ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমাদের তেমন কোনো স্বাধীনতা নেই। আর আমরা যে জনবল কাঠামো নিয়ে কাজ করি, তা প্রয়োজনের চেয়ে একেবারে অপ্রতুল।’ মূল প্রবন্ধে জামালউদ্দিন আহমেদ ডিমিউচুয়ালাইজেশনের প্রয়োজনীয়তা ও বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরেন। এ সময় তিনি দুটি স্টক এক্সচেঞ্জ একীভূতকরণেরও সুপারিশ করেন। তাঁর মতে, দুটি স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে করা হলে খরচ অনেক কমে যাবে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ও ডিমিউচুয়ালাইজেশনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, ‘ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। বাজারের স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার স্বার্থে এটি সম্পন্ন করতে হবে। তবে অবশ্যই এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমাদের নিজস্ব অর্থনীতি, নিজস্ব বাস্তবতা মাথায় রেখে।’ডিএসইর সহসভাপতি আহমেদ রশীদ লালী ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমে দুই স্টক এক্সচেঞ্জকে একীভূত করার প্রস্তাবের বিরোধিতা করে বলেন, এটি হলে বাজারে কোনো ধরনের প্রতিযোগিতা থাকবে না। রশীদ লালী এ-ও বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশকে যেসব শর্তে ঋণ সুবিধা দিচ্ছে, তার মধ্যে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের শর্তটিও রয়েছে। তাই এ শর্ত পরিপালন না করে আমরা সরকারকে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না।’সভাপতির বক্তব্যে আবুল বারকাত বলেন, ডিমিউচুয়ালাইজেশন হলো সুশাসনের অন্যতম একটি উপাদান। এ প্রক্রিয়া সম্পন্ন হলে বাজারের ওপর দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির অনেকগুলো পথ খুলবে, যা বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। তবে হুট করে কিছু না করে অনেক চিন্তাভাবনা করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আলোচনায় আরও অংশ নেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মারুফ মতিন, অর্থনীতিবিদ সাত্তার ভূঁইয়া প্রমুখ।