ডিমিউচুয়ালাইজেশন হলে ফাঁকিজুঁকি কমবে: মুহিত
শেয়ারবাজারে ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা) হলে অনেক ফাঁকিজুঁকি বন্ধ হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গতকাল মঙ্গলবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। আইসিবির চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়কুজ্জামানসহ আইসিবি ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।আইসিবির চেয়ারম্যান ও এমডি অর্থমন্ত্রীর কাছে এ সময় সরকারকে ২০১১-১২ অর্থবছরের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২৫ শতাংশ স্টক লভ্যাংশ হস্তান্তর করেন।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন সূচক চালু হওয়ায় বিনিয়োগকারীদের আস্থার সংকট কিছুটা কমেছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘শেয়ারবাজারের রাস্তাটা আগে ঠিক করা দরকার। কারণ, রাস্তাটাই দূষিত হয়ে পড়েছিল। এটারই এখন উন্নয়ন দরকার। আর সে জন্যই দরকার ডিমিউচুয়ালাইজেশন।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘পুঁজিবাজারকে চাঙা করার চেষ্টা করে যাচ্ছি। অনেক আইনকানুন করেছি। পুরোপুরি না পারলেও কিছুটা সফল হয়েছি।’