ডিমিউচুয়ালাইজেশনে নির্বাচিত পরিচালক কমার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ) সম্পন্ন হলে পরিচালনা পর্ষদে নির্বাচিত পরিচালকের (ট্রেক হোল্ডার বা বর্তমান সদস্য) সংখ্যা কমে আসবে। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের মোট পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ৫০ শতাংশ নিজেদের কাছে রাখতে পারবেন তাঁরা। একইসঙ্গে তবে পরিচালনা পর্ষদের সদস্যরা চাইলে শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবেন।ডিএসইর প্রস্তাবিত ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়ায় এসব সুপারিশ করা হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথাও বলা হয়েছে। গত রোববার ডিএসইর পক্ষ থেকে অর্থমন্ত্রণালয় ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এই খসড়া প্রস্তাব জমা দেওয়া হয়। এর আগে ডিএসইর পর্ষদ সভায় ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।ডিএসই সূত্রে জানা যায়, বর্তমানে ডিএসইর পরিচালনা পর্ষদে মোট ২৫ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ১২ জন পরিচালক সংস্থাটির সদস্যদের মধ্য থেকে নির্বাচন করা হয়ে থাকে। আর ১২ জন মনোনিত সদস্য। এ ছাড়া ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তাও পরিচালনা পর্ষদের একজন সদস্য। তবে তিনি ভোটধিকার প্রয়োগ করতে পারেন না।প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়, ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হলে অর্ধেকের কম হবেন নির্বাচিত পরিচালক বা ট্রেক হোল্ডার। ডিএসইর সদস্যরা তাঁদেরকে নির্বাচিত করবেন। আর বাকী অর্ধেকের বেশি হবেন মনোনিত পরিচালক। এ হিসেবে মোট পরিচালকের সংখ্যা ২০ জন হলে ডিএসইর সদস্যদের মধ্য থেকে সর্বোচ্চ ৯ জন নির্বাচিত পরিচালক হতে পারবেন। আর বাকি ১১ জন হবেন মনোনিত পরিচালক।এ দিকে ডিএসইতে ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির মোট পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ থাকবে ট্রেক হোল্ডারদের হাতে। বাকি ৫০ শতাংশের অর্ধেক থাকবে স্ট্রাটেজিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ। আর অন্য অর্ধেক থাকবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য। তবে পরিচালনা পর্ষদের সদস্যরা চাইলে আইপিওর মাধ্যমে শেয়ার ছেড়ে বাজার থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর সভাপতি রকিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ডিএসইর পরিচালনা পর্ষদকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচিত পরিচালকের সংখ্যা কমিয়ে মনোনীত ও স্বাধীন পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বাজারে স্বচ্ছতা বেড়ে যাবে। বিনিয়োগকারীদের মাঝে আস্থার সঞ্চার হবে। আর বাজারের স্বার্থে সবাইকে এটা মেনে নিতে হবে বলে মনে করেন তিনি।প্রসঙ্গত, ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া প্রস্তুত করে, যা অর্থ মন্ত্রণালয় ও এসইসিতে জমা দেওয়া হয়।