ডিমিউচুয়ালাইজেশনের পর দুই স্টক এক্সচেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত ও আইনি বাধ্যবাধকতা পরিপালনে পাঁচটি করে কমিটি গঠন করেছে দুই স্টক এক্সচেঞ্জ।
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নবগঠিত পরিচালনা পর্ষদের সভায় এসব কমিটি গঠন করা হয়। ডিমিউচুয়ালাইজেশন আইনের আওতায় স্বতন্ত্র পরিচালকদের নেতৃত্বে এসব কমিটি গঠন করা হয়েছে। ডিএসই ও সিএসইর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী গঠিত পাঁচটি কমিটি হলো মনোনয়ন ও পারিতোষিক কমিটি, নিয়ন্ত্রণবিষয়ক কমিটি, নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, আপিল কমিটি এবং দ্বন্দ্ব উপশম কমিটি।
এসব কমিটি গঠনের আগে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী ডিএসই ও সিএসইর পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে দুই স্টক এক্সচেঞ্জে সাতজন করে মোট ১৪ জন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত করা হয়।
ডিএসইর প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমানকে চেয়ারম্যান করে মনোনয়ন ও পারিতোষিক কমিটি গঠন করা হয়েছে। স্বতন্ত্র পরিচালক ওয়ালিউল ইসলামকে চেয়ারম্যান করে নিয়ন্ত্রণবিষয়ক কমিটি, ঢাকা ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেমকে চেয়ারম্যান করে নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, বুয়েটের শিক্ষক এম কায়কোবাদকে চেয়ারম্যান করে আপিল কমিটি এবং আইসিএমএবির সাবেক সভাপতি রুহুল আমিনকে চেয়ারম্যান করে দ্বন্দ্ব উপশম কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনকে চেয়ারম্যান করে সিএসইর মনোনয়ন ও পারিতোষিক কমিটি করা হয়েছে। স্বতন্ত্র পরিচালক মঈনুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান করে নিয়ন্ত্রণবিষয়ক কমিটি, আইসিএবির সভাপতি শওকত হোসেনকে চেয়ারম্যান করে গঠিত নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মমতাজউদ্দিন আহমেদকে চেয়ারম্যান করে আপিল কমিটি এবং বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে সিএসইর দ্বন্দ্ব উপশম কমিটি।
ডিমিউচুয়ালাইজেশন আইনানুসারে স্টক এক্সচেঞ্জের সুশাসন প্রতিষ্ঠায় কমিটিগুলো কাজ করবে। আইনে প্রতিটি কমিটির কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।