ডিমিউচুয়ালাইজেশনের রোডম্যাপ চূড়ান্ত করেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জের (ঢাকা ও চট্টগ্রাম) ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) ব্যাপারে রোডম্যাপ চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এই রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ১৫ জুনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হবে। ১০ জুলাই এসইসির ৪৩৮তম কমিশন সভায় স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারে এসইসির তৈরি রোডম্যাপ কিছুটা পরিবর্তন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে এসইসির সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এসইসির সূত্রে এসব তথ্য জানা গেছে।এসইসির ডিমিউচুয়ালাইজেশনের খসড়া রোডম্যাপে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জগুলোর ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক্করণের খসড়া প্রস্তুত করতে ১৫ জুলাইয়ের মধ্যে আইনজীবী বা পরামর্শক নিয়োগ দেওয়ার কথা রয়েছে এসইসির। একই দিনের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯ অনুযায়ী শেয়ারের সংজ্ঞা নির্ধারণ করারও কথা রয়েছে এই রোডম্যাপে।রোডম্যাপে আরও রয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে এসইসি ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া নিয়ে ডিএসই ও সিএসইর সঙ্গে মতবিনিময় করবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর সংশোধনী সরকার কর্তৃক অনুমোদন, ৩১ অক্টোবরের মধ্যে এসইসি কর্তৃক আইন পরামর্শক নিয়োগ ও ডিমিউচুয়ালাইজেশনের খসড়া আইন প্রস্তুত করা; সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ১৯৮৭ এবং স্টক ব্রোকার, স্টক ডিলার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা আইন, ২০০০ পুনরায় যাচাই-বাছাই করে এর সংশোধনী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করা; ৩১ ডিসেম্বরের মধ্যে সরকার কর্তৃক ডিমিউচুয়ালাইজেশনের পরিকল্পনা এসইসির কাছে প্রেরণ, যা পরবর্তী তিন মাসের মধ্যে অনুমোদন দেবে এসইসি; আগামী বছর ১৫ মার্চের মধ্যে ডিমিউচুয়ালাইজেশনের খসড়া প্রস্তুত করতে পরিকল্পনা এবং একই সময়ের মধ্যে অ্যাসোসিয়েশনের (ডিএসই ও সিএসই) আইন ও মেমোরেন্ডাম পরিবর্তনের জন্য বিশেষ সাধারণ সভার আয়োজন করা; ওই একই দিনে আইন ও মেমোরেন্ডাম পরিবর্তন করে অনুমোদন দেওয়া; ৩০ এপ্রিলের মধ্যে এসইসির কাছে চূড়ান্ত আবেদন করা; ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া কার্যকর করতে এই আবেদন ৩১ মের মধ্যে এসইসির চূড়ান্ত অনুমোদন দেওয়া; ডিমিউচুয়ালাইজেশন আইন ও এসইসির নির্দেশনা অনুযায়ী দুই স্টক এক্সচেঞ্জে নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা বিভাগ গঠন।এসইসির সূত্রে আরও জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়ার ওপর মতামত যাচাইয়ের পর সংসদে উত্থাপন করে তা আইনে পরিণত করা হবে।১ জুলাই এসইসি ও অর্থ মন্ত্রণালয়ে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া জমা দেয় ডিএসই কর্তৃপক্ষ। এর আগে গত ২ ফেব্রুয়ারি ডিমিউচুয়ালাইজেশন-প্রক্রিয়া বাস্তবায়ন করতে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।ওই কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৬ জুন ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।