ডিমিউচুয়ালাইজেশনের শর্ত পূরণে ডিএসইতে পাঁচ কমিটি
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) শর্ত পূরণে পাঁচটি কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত বৃহস্পতিবার সংস্থাটির পরিচালনা পর্ষদের এক সভায় এসব কমিটি গঠন করা হয়। ডিমিউচুয়ালাইজেশনের অনুমোদিত কর্মসূচিতে বা স্কিমে এসব কমিটি গঠনের ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে।
গঠিত কমিটিগুলো হলো মনোনয়ন ও পারিতোষিক কমিটি (নমিনেশন অ্যান্ড রেমিউনারেশন), বিধিমালা নিয়ন্ত্রণবিষয়ক কমিটি (রেগুলেটরি অ্যাফেয়ার্স), নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি (অডিট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট), আপিল কমিটি এবং দ্বন্দ্ব উপশম (কনফ্লিকট মিটিগেশন) কমিটি।
ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম এসব কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি অনুযায়ী এসব কমিটি গঠনের বাধ্যবাধকতা ছিল। তারই অংশ হিসেবে যথাযথ শর্ত পূরণ করেই কমিটিগুলো গঠন করা হয়েছে।
জানা গেছে, ডিএসইর স্বতন্ত্র পরিচালক শেখ কবীর হোসেনকে মনোনয়ন ও পারিতোষিক কমিটি, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন বেগমকে বিধিমালা নিয়ন্ত্রণবিষয়ক কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেমকে নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খানকে আপিল কমিটি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদকে দ্বন্দ্ব উপশম কমিটির প্রধান করা হয়েছে।
এসব কমিটির মধ্যে বিধিমালা নিয়ন্ত্রণবিষয়ক কমিটি ছাড়া প্রতি কমিটিতে একজন করে শেয়ারধারী অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচিতে বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক সুশাসন উৎকৃষ্ট বাস্তবায়ন নিশ্চিত করতে এসব কমিটি গঠন ও ক্ষমতায়ন করতে হবে। প্রতি কমিটি হবে পাঁচ সদস্যের। এর মধ্যে তিনজনই থাকবেন স্বাধীন পরিচালক। প্রতি কমিটির দায়িত্ব-কর্তব্যও সুনির্দিষ্ট করা হয়েছে।