ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের খসড়া প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচ্যুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ) আইনের খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিকেলে ডিএসইর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি মো. রকিবুর রহমান এ তথ্য জানান।রকিবুর রহমান বলেন, আজকের পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে ডিমিউচ্যুয়ালাইজেশনের ‘অ্যাক্ট অব পার্লামেন্ট’ বা প্রস্তাবিত আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। আগামী ১ জুলাই বিষয়টি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় এটা যাচাই-বাছাই করে সংসদে উত্থাপন করবে। সংসদে তা পাস হলে ডিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হলে বাজারে সবার জবাবদিহিতা এবং স্বচ্ছতা বাড়বে, যা বাজারের জন্য ইতিবাচক হবে।রকিবুর রহমান বলেন, আজ ডিএসইর জন্য একটি ঐতিহাসিক দিন। ডিএসইর কাছে একটি আন্তর্জাতিকমানের বাজার আশা করে সংশ্লিষ্টরা। তিনি বলেন, ‘আমি মনে করি ডিএসইর বোর্ড ডিমিউচ্যুয়ালাইজেশনের যে আইন চূড়ান্ত করেছে তার মাধ্যমে আমাদের পুঁজিবাজারকে একটি আন্তর্জাতিক বাজারে উন্নীত করা সম্ভব।’রকিবুর রহমান আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে ডিমিউচ্যুয়ালাইজেশন মানে এই নয় যে বাজার একেবারে ভালো হয়ে যাবে। আমরা যদি আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে সঠিক সময়ে পালন করি তবে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে।’ তিনি বলেন, এসইসি, ডিএসই, আইসিবি, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো যদি তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে তবে বাজারে স্বাভাবিকভাবে স্থিতিশীলতা আসবে।আন্তর্জাতিক বাজারেও উত্থান-পতন রয়েছে উল্লেখ করে ডিএসইর সভাপতি বলেন, ‘আমরা ডিমিউচ্যুয়ালাইজেশনের যে খসড়া আইন চূড়ান্ত করেছি তা দ্রুত বাস্তবায়ন করতে পারলে বিনিয়োগকারীরা লাভবান হবেন। তিনি জানান, ডিমিউচ্যুয়ালাইজেশনের ধারণাপত্র তৈরিতে ভারত, সাংহাই, ফিলিপাইন ও লন্ডন স্টক এক্সচেঞ্জের আলোকে এটা তৈরি করা হয়েছে।’প্রসঙ্গত, ডিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ফায়েকুজ্জামান ছাড়াও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন ও ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী উপস্থিত ছিলেন।