ডিমের ডজন আবারও ১০০ টাকা ছাড়াল

টানা কয়েক মাস ধরে ক্রেতারা এক ডজন ডিম কিনেছিলেন ৮২ থেকে ৯০ টাকায়। কিন্তু সেই ডিমের ডজন এখন ১০০ টাকা ছাড়িয়েছে। ক্রেতারা গতকাল শনিবারও এক ডজন ডিম কিনেছেন ৯৯ থেকে ১০৫ টাকায়।
এর আগে ২০১২ সালের জুন মাসেও ডিমের ডজন ১০০ টাকা ছাড়িয়েছিল। এই অবস্থা ছিল জুলাই মাস পর্যন্ত।
পোলট্রি মালিক, পাইকারি ডিম ব্যবসায়ী এবং খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা কয়েক মাস দাম না পেয়ে ডিমের উৎপাদন কমে গেছে। এর পরও চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু ঈদের পর হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় ডিমের ওপর চাপ পড়েছে। আর তাই বেড়েছে দাম।
জানতে চাইলে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ও পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসিন প্রথম আলোকে জানান, টানা ১৩ মাস খামারিরা কম দামে ডিম বিক্রি করেছেন। উৎপাদনমূল্য না পেয়ে অনেকে মুরগিও বিক্রি করে দিয়েছেন। সে কারণে ডিমের সরবরাহও কমে গেছে। এখন চাহিদা বেড়ে যাওযায় খামারি, পাইকারি ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতা সবাই একটু বেশি দামে ডিম বিক্রি করছেন। তাঁর মতে, এই অবস্থা আরও ১৫ থেকে ২০ দিন চলতে পারে।
পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন ডিমের চাহিদা দুই কোটি ৬৫ থেকে ৭০ লাখ। বর্তমানে সরবরাহ আছে দুই কোটি ৭১ লাখ থেকে ৭২ লাখ ডিম। মাস তিনেক আগেও দেশে প্রতিদিন উৎপাদিত হতো প্রায় তিন কোটি ডিম। অর্থাৎ এই সময়ে ডিমের উৎপাদন কমেছে ৩০ লাখ।
জানা গেছে, ঢাকায় প্রতিদিন ডিমের চাহিদা এক কোটি ৩০ লাখ। চাহিদা অনুযায়ী সরবরাহও স্বাভাবিক রয়েছে। ঢাকায় ডিমের সবচেয়ে বড় বাজারটি তেজগাঁওয়ে। সেখানে প্রতিদিন ৭০ থেকে ৮০ লাখ ডিম বিক্রি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, তেজগাঁও বাজারে গত বুধবার থেকে গতকাল শনিবার পর্যন্ত প্রতি ১০০ ডিম বিক্রি হয়েছে ৭৬৫ থেকে ৭৮০ টাকায়। পাইকারি ব্যবসায়ীরা খামারিদের কাছ থেকে ডিম কিনেছেন গড়ে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। অর্থাৎ প্রতিটি ডিমের পাইকারি মূল্য সাড়ে সাত থেকে পৌনে আট টাকা। আর এই ডিমই খুচরা বাজারে বিক্রি হচ্ছে আট টাকা ৩০ পয়সা থেকে সাড়ে আট টাকায়।
সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীর মিরপুর ১ নং কাঁচাবাজার এবং কারওয়ান বাজারে এক হালি ডিম বিক্রি হয়েছে ৩৩ থেকে ৩৫ টাকায়। আর নিউমার্কেট কাঁচাবাজারে ডিম বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৫ টাকায়।
কারওয়ান বাজারের খুচরা ডিম-বিক্রেতা মো. সাত্তার জানান, কয়েক দিন ধরে বেশি দামে ডিম কিনতে হচ্ছে বলে বিক্রি করছেন বেশি দামে। তিনি ডিম কেনেন তেজগাঁও থেকে।
তবে সাত্তারের কাছ থেকে ডিম কেনা বেসরকারি চাকরিজীবী আশফাক আহমেদ বলেন, এক সপ্তাহে এত দাম বাড়লে ডিম কিনব কীভাবে?
পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলছে, একটি ডিমের উৎপাদন ব্যয় ছয় টাকা ৯০ পয়সা। গত তিন মাসে ডিমের উৎপাদন ব্যয় বাড়েনি।
তাহলে কেন বাড়ছে ডিমের দাম?—জানতে চাইলে পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের খন্দকার মো. মহসিন বলেন, কয়েক মাস ধরে উৎপাদন ব্যয়ের চেয়ে দেড় থেকে দুই টাকা কমে ডিম বিক্রি হয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় তাই এখন একটু বেশি দাম নেওয়া হচ্ছে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গত মে, জুন এবং জুলাইতে সারা মাসই গড়ে ২৮ থেকে ৩০ টাকায় এক হালি ডিম বিক্রি হয়েছে। গত সপ্তাহেও এক হালি ডিমের দাম ছিল ২৭ থেকে ৩০ টাকা। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াকেই ডিমের দাম বৃদ্ধির কারণ বলছেন পোলট্রি মালিকেরা।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের সপ্তাহ খানেক আগ থেকে ঈদের পরের এক সপ্তাহ পর্যন্ত বেশির ভাগ বেকারি বন্ধ ছিল। এই সময় বন্ধ ছিল ঢাকার হোটেল-রেস্তোরাঁর একটি বড় অংশ। কিন্তু এসব খোলার পর হঠাৎই তাদের ডিম কেনার পরিমাণ বেড়ে যায়। এর একটা চাপ পড়েছে।
আবার এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় বাজারে মাছের সরবরাহ কম। তাই মাছের দামও চড়া। ক্রেতারা মাছের ঘাটতি পুষিয়ে নিচ্ছেন ডিম দিয়ে। এটিকেও ডিমের দাম বৃদ্ধির একটি কারণ বলে মনে করছেন পোলট্রি খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পোলট্রি মালিকেরা বলছেন, ডিমের যখন উদ্বৃত্ত উৎপাদন হয় তখন সেগুলো মজুত করে রাখার কোনো ব্যবস্থা নেই। সে কারণেই হঠাৎ চাহিদা বাড়লে সরবরাহ সংকট না থাকলেও ডিমের দাম বেড়ে যায়। এ জন্য প্রয়োজন ডিমের একটি সংরক্ষণাগার গড়ে তোলা। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ে এবং এমনকি প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতেও এই দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই।