ডিলারদের কাছে টিসিবির দ্বিতীয় কিস্তির পণ্য সরবরাহ শুরু
রমজান উপলক্ষে সাধারণ মানুষের কাছে কম দামে পণ্য বিক্রির উদ্যোগের অংশ হিসেবে গতকাল রোববার থেকে ডিলারদের কাছে দ্বিতীয় কিস্তিতে পণ্য সরবরাহ শুরু করেছে সরকারি বিপণন প্রতিষ্ঠান টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)। টিসিবি থেকে আগে পাঁচটি পণ্য দেওয়া হলেও এবার তিনটি পণ্য দেওয়া হচ্ছে। গত ১৯ জুলাই কম দামে চিনি, ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা ও খেজুর ডিলারদের দেওয়া হয়েছিল। কিন্তু এবার চিনি, ভোজ্যতেল ও মসুর ডাল দেওয়া হচ্ছে। টিসিবির কর্মকর্তারা জানান, ডিলাররা প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৬০ এবং প্রতি লিটার পামতেল ৯৬ টাকায় বিক্রি করবেন। তবে আগেরবার ডিলারদের সয়াবিন তেল দেওয়া হয়েছিল। আগেরবার প্রতি কেজি চিনি ৫৮ টাকা ও মসুর ডাল ৬৮ টাকা টাকায় দেওয়া হয়েছিল। এ ছাড়া সয়াবিন তেল প্রতি লিটার ১০২ টাকায় দেওয়া হয়েছিল। টিসিবি সূত্র জানায়, সারা দেশে প্রতিষ্ঠানটির দুই হাজার ৪০০ ডিলার থাকলেও টিসিবির কাছ থেকে এই পাঁচটি পণ্য সংগ্রহ করেছিল এক হাজার ৭০০ ডিলার। এবার সংখ্যা আরও কমতে পারে।জানা যায়, ডিলারদের এই কিস্তি দেওয়ার কথা ছিল রমজানের প্রথম সপ্তাহে। কিন্তু দেওয়া হচ্ছে রমজানের প্রায় শেষ মুহূর্তে।তা ছাড়া আগেরবার টিসিবি পাঁচ পণ্যের প্যাকেজ ডিলারদের কাছে বিক্রি করেছিল। সে কারণে ডিলাররাও ক্রেতাদের কাছে যেকোনো একটি পণ্য বিক্রি করতে চাইত না। চিনি কিংবা সয়াবিন তেল কিনলে সঙ্গে বাধ্যতামূলক ডাল কিংবা খেজুরও কিনতে হতো। সে কারণে দেশব্যাপী সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়।এসব বিষয়ে জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার গতকাল প্রথম আলোকে বলেন, আগেরবার পাঁচ পণ্যের প্যাকেজের বিষয়ে অভিযোগ ওঠায় এবার আর প্যাকেজ বিক্রি করা হচ্ছে না। ডিলাররা চাইলে সব পণ্য একসঙ্গে কিংবা যেকোনো একটি পণ্য কিনতে পারবেন।