ডিলারদের কাছে টিসিবির পণ্য বিতরণ আগামী রোববার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্য ৮ আগস্ট রোববার থেকে ডিলারদের কাছে বিতরণ শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্যগুলো হচ্ছে চিনি, ভোজ্যতেল, মসুর ডাল ও ছোলা।গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারের টিসিবির কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও মূল্য পরিস্থিতি সম্পর্কে অনুষ্ঠিত এক বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান, পরিচালক মাহফুজার রহমান সরকারসহ বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসে পণ্যমূল্য বাড়ার কোনো কারণ নেই। কারণ, টিসিবির সরবরাহ পরিস্থিতি এবার অনেক ভালো। অসাধু ব্যবসায়ীরা মূল্য কারসাজির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ফারুক খান বলেন, বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী, গণমাধ্যম, সরকার—সবারই ভূমিকা পালন করা উচিত। কিন্তু গণমাধ্যমগুলো অনেক সময় বাজারে ভীতি (প্যানিক) সৃষ্টি করে। গণমাধ্যম মাঝে মাঝে এমন সব প্রতিবেদন তৈরি করে, যাতে পণ্যমূল্য তো কমেই না, উল্টো আরও বেড়ে যায়।টিসিবির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, রমজান মাসে এবার টিসিবির প্রস্তুতি আশাব্যঞ্জক। অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়ানোর সুযোগ পাবে না। টিসিবির প্রস্তুতি: টিসিবির সূত্রে জানা গেছে, রমজান মাস শুরুর আগেই টিসিবি ২০ হাজার টন চিনি, ২০ হাজার টন সয়াবিন তেল, পাঁচ হাজার টন পামতেল, ১০ হাজার টন মসুর ডাল এবং দুই হাজার টন ছোলা সংগ্রহের পরিকল্পনা হাতে নেয়। এর মধ্যে গত ৩১ জুলাই পর্যন্ত টিসিবির গুদামে পৌঁছেছে ছয় হাজার ৬৯ টন চিনি, ৮১৩ টন সয়াবিন তেল, চার হাজার ৬০০ টন মসুর ডাল এবং ৯৫৬ টন ছোলা।সূত্র জানায়, টিসিবিকে মোট ১০ হাজার টন টিনি দেবে সিটি সুগার মিল। আবদুল মোনেম সুগার মিল দেবে বাকি ১০ হাজার টন, যা কাল বৃহস্পতিবার থেকে টিসিবির গুদামে পৌঁছাতে থাকবে।সয়াবিন তেলের মধ্যে পুষ্টি ব্র্যান্ডের চার হাজার ৪৮০ টন, আনাফ ব্র্যান্ডের চার হাজার ৯৫৯ টন এবং এসজি অয়েল ব্র্যান্ডের পাঁচ হাজার ৭৪৮ টন টিসিবির গুদামে আসবে ১২ থেকে ১৮ আগস্টের মধ্যে। মসুর ডালের বাকি পাঁচ হাজার টন এবং ছোলা এক হাজার টন টিসিবির গুদামে পৌঁছার কথা চলতি সপ্তাহের মধ্যেই।