
দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কার্যালয়ে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একসঙ্গে কাজ করতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ২০৩০ ওয়াটার রিসোর্সের গ্রুপ এবং ইউনিলিভার বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত এই উদ্যোগের আওতায় দেশের ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়ের সামগ্রিক পরিচ্ছন্ন ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে। জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশমুখে হাত ধোয়ার জায়গা বা 'হ্যান্ড ওয়াশিং স্টেশন' বসানো, অফিস চত্বরকে সংক্রমণমুক্ত রাখা, স্যানিটেশন পরিচ্ছন্নতা ও খাবার পানি নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এক্ষেত্রে ইউনিলিভারের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা পণ্য- লাইফবয়, ডোমেক্স এবং পিওরইটের পাশাপাশি সংক্রমণমুক্ত করার স্প্রে মেশিন ও উপযুক্ত দ্রব্যাদি দেবে।মহামারী চলাকালে কার্যালয়কে সংক্রমণমুক্ত রাখতে দর্শনার্থীদের পরিচ্ছন্নতা প্রটোকল সম্পর্কে সজাগ করাসহ নিয়মিত কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর বাইরে, চলমান মহামারী থেকে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দেশের ৬৪টি জেলা শহরে জীবনরক্ষায় জরুরী তথ্যাদি প্রচার করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাঠানো বার্তা সবার কাছে পৌঁছে দেবে। জেলা প্রশাসকদের কার্যালয় কেন্দ্রীক গৃহীত এই যৌথ কর্মসূচি বাস্তবায়নে সারা দেশে মাঠ পর্যায়ে কাজ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে করোনা মোকাবিলায় ইতিমধ্যে প্রায় ২০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে ইউনিলিভার বাংলাদেশ। এর মধ্যে নিজস্ব পণ্য বিনামূল্যে বিতরণ, সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির কর্মীদের জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিতকরণ অন্তর্ভূক্ত রয়েছে।